কুমিল্লায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরতলির আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ভোলানগর এলাকায় ছুরিকাঘাতে বাহার উদ্দিন (২৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷
গতকাল রোববার সকাল আটটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত বাহার আড়াইওড়া গ্রামের আশরাফ আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শহরতলির ভোলানগর এলাকায় একটি বাড়ি ভাড়া নেন জনৈক আনোয়ার হোসেন। তিন মাস আগে ওই বাড়িতে সুমন মিয়া ওরফে জিরা সুমনকে সাবলেট দেন আনোয়ার।
সুমন তাঁর সঙ্গী রাব্বী মিয়া ও সবুজ হোসেনকে নিয়ে সেখানে থাকতেন। গত শনিবার রাতে এক নারীকে নিয়ে তাঁরা তিনজন ওই বাসায় ওঠেন। এ সময় প্রতিবেশী বাহার উদ্দিন সেখানে গিয়ে ওই নারীর পরিচয় জানতে চান৷ এ নিয়ে সুমনের সঙ্গে বাহারের তর্ক শুরু হয়। একপর্যায়ে ওই তিনজনের একজন বাহারের পেট ও পিঠে ছুরিকাঘাত করেন।
এ সময় বাহারের চিৎকারে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গতকাল রোববার সকাল আটটায় বাহার মারা যান।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুদ্দিন বলেন, ঘটনার পর ঘাতকেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তাঁদের শনাক্তকারী হিসেবে ভাড়াটে আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তাঁর কাছে অনেক তথ্য পাওয়া গেছে। পুলিশ সেগুলো খতিয়ে দেখছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, হত্যাকারীরা সবাই সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। তাঁদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।