কুমিল্লায় জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের

জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল মঙ্গলবার কুমিল্লায় আয়োজিত জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী বিভাগীয় এক সমাবেশে মুক্তিযোদ্ধারা দুই হাত উঁচিয়ে ওই অঙ্গীকার করেন।
গতকাল বেলা ১১টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ওই সমাবেশ হয়।
জেলা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে ওই সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম)।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব আবদুল মতিন, কেন্দ্রীয় অর্থ কমিটির মহাসচিব মো. আবদুর রাজ্জাক। সমাবেশে বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলার পাঁচ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন। এ ছাড়া মুক্তিযোদ্ধার সন্তানেরাও সমাবেশে লাল পতাকা মিছিল নিয়ে যোগ এই সমাবেশে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানোর পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে যেভাবে লড়াই করা হয়েছে, তেমনি লড়াই করতে হবে। মুক্তিযোদ্ধাদের লড়াই থামবে না। এ লড়াই দেশকে এগিয়ে নেওয়ার লড়াই।