কুমিল্লায় জন্মভিটায় আবেগাপ্লুত ত্রিপুরার মন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তপন চক্রবর্তী আজ রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ গ্রামে নিজ জন্মভিটা পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রীর সহধর্মিণী সুপ্রীতি ভট্টাচার্য তাঁর সঙ্গে ছিলেন। জন্মভিটায় আবেগাপ্লুত হয়ে পড়েন মন্ত্রী।
বেলা সাড়ে ১১টার দিকে আমিরাবাদে নিজ জন্মভিটায় পৌঁছান ত্রিপুরার মন্ত্রী। তিনি বাড়ি, উঠান, পুকুর আশপাশ এবং গ্রামের লোকজন দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, তাঁর কাকা মনমোহন চক্রবর্তী একজন সরকারি চিকিৎসক ছিলেন। কর্মস্থলে যাওয়া আসায় বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে চাকরি ছেড়ে ১৯৬০ ভারতে চলে যান। ১৯৬৩ সালে মন্ত্রী এবং তাঁর দুই ভাই এক বোনকে উন্নত লেখাপড়ার জন্য কাকা ভারতে নিয়ে যান। ১৯৬৪ সালে মন্ত্রীর বাবা-মা ত্রিপুরা রাজ্যের সোনামুড়া এলাকায় চলে যান।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মন্ত্রী বলেন, ‘আমি এই স্কুলে লেখাপড়া করে মন্ত্রী হয়েছি। তোমরাও এই স্কুলে লেখাপড়া করে মন্ত্রী হয়ে দেশের সেবা করবা।’ তিনি এই স্কুলকে ভবিষ্যতে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করার আশ্বাস দেন।
মন্ত্রী পরে উপজেলার ইটাখোলা গ্রামের ‘একটি বাড়ি একটি খামারের’ সুবিধাভোগী সদস্যদের সঙ্গে আলোচনা সভায় বলেন, যে পরিবারে নারী-পুরুষ কর্মক্ষম সে পরিবারে দারিদ্র্য থাকতে পারে না।
তপন চক্রবর্তী বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক যত বেশি ভালো হবে দুই দেশের ততই মঙ্গল হবে। রাজনৈতিক কারণে দুটি দেশ পৃথক হলেও আমরা সম্প্রীতির মধ্যেই বড় হয়েছি।’