কুমিল্লায় জামায়াত নেতাদের প্রতিষ্ঠানে কুয়েতের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দুফায়রি গত বুধবার কুমিল্লায় জামায়াতে ইসলামীর নেতাদের মালিকানাধীন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও নগরের কুমিল্লা মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন। রাষ্ট্রদূত এ সময় জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকও করেন।
কুয়েতের রাষ্ট্রদূতের এই আগমনের বিষয়টি কুমিল্লা পুলিশ প্রশাসন জানত না বলে প্রথম আলোকে জানিয়েছেন জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। নিয়ম অনুযায়ী কোনো দেশের রাষ্ট্রদূত ঢাকার বাইরে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা ও পুলিশ প্রশাসনকে আগে থেকে অবহিত করা হয়। জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, রাষ্ট্রদূত চট্টগ্রাম যাওয়ার পথে এখানে যাত্রাবিরতি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, পতাকাবাহী একটি পাজেরো জিপে করে রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দুফায়রি বুধবার বিকেল সাড়ে চারটায় কুমিল্লায় পৌঁছান। তিনি নগরের লাকসাম সড়কের জামায়াত নেতাদের মালিকানাধীন হাসপাতাল কুমিল্লা মেডিকেল সেন্টারে যান। তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। বিকেল পাঁচটায় তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুরে অবস্থিত জামায়াত নেতাদের মালিকানাধীন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে যান। সেখানে মেডিকেল কলেজের বিভিন্ন কার্যক্রম পাওয়ার পয়েন্টে তাঁর সামনে উপস্থাপন করা হয়। এখানে তাঁকে নকশিকাঁথা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে এখানে জামায়াত নেতাদের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক হয়। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা ১০ মিনিট পর্যন্ত এই বৈঠক চলে। উপস্থিত সাংবাদিকদের এই বৈঠকে থাকার অনুমতি দেওয়া হয়নি।
মেডিকেল কলেজের দায়িত্বপূর্ণ সূত্র জানায়, ওই বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর জামায়াত নেতা আহমেদ আবদুল হালিম, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল অধ্যক্ষ শফিকুর রহমান পাটোয়ারী, প্রশাসনিক কর্মকর্তা মো. এয়াকুব আলী, মিয়া মো. তৌফিক, কলেজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ভুঁইয়া ও পরিচালক নূর উদ্দিন মাহমুদ, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার সভাপতি মজিবুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা গলিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম, জামায়াতপন্থী চিকিৎসক মো. বেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জানতে চাইলে বৈঠকে উপস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তা মো. এয়াকুব আলী বলেন, ‘রাষ্ট্রদূত চট্টগ্রাম যাচ্ছিলেন। যাত্রাপথে তিনি আমাদের কলেজ ও মেডিকেল সেন্টার পরিদর্শন করেন। আবদুল্লাহ মো. তাহেরের মেহমান হয়েই তিনি কলেজ ও হাসপাতালে আসেন।’
বৈঠক প্রসঙ্গে আবদুল্লাহ মুহাম্মদ তাহের গণমাধ্যম-কর্মীদের বলেন, ‘রাষ্ট্রদূতের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। সে জন্য তাঁকে চা-চক্রের আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের কলেজ পরিদর্শন করেছেন।’ বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেমন কিছু নয়। শুধু কফি খাওয়া হয়েছে।’
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর পক্ষ থেকে আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে দুই দফা মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা জাবেদ জানান, ‘স্যার খাওয়া-দাওয়া করছেন।’ আরেকবার ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।
জানতে চাইলে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘কুয়েতের রাষ্ট্রদূত কুমিল্লায় আসবেন এটা অফিশিয়ালি আমাদের জানানো হয়নি। আমরা পরে বিষয়টি জেনেছি।’ তিনি আরও বলেন, ‘রাষ্ট্রদূত চট্টগ্রামে যাওয়ার পথে জামায়াতের নেতা আবদুল্লাহ মো. তাহেরের মালিকানাধীন মেডিকেল কলেজ পরিদর্শন করেন। সেখানে তিনি ওই প্রতিষ্ঠানকে সাহায্য-সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানতে পেরেছি।’