কুমিল্লায় জামায়াত নেতাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের পশ্চিম বাগিচাগাঁও এলাকায় জামায়াত নেতাদের মালিকানাধীন কুমিল্লা মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের কক্ষ ও কার্যালয় কক্ষে হামলা, ভাঙচুর হয়েছে। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে ওই ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় নগরের কান্দিরপাড়ের জামায়াত নেতাদের মালিকানাধীন মিড পয়েন্ট হোটেলে ভাঙচুর করা হয়। কে বা কারা ওই হামলা করেছে, তা জানা যায়নি।কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইব্রাহিমসহ জামায়াতের কয়েকজন নেতা ওই দুটি প্রতিষ্ঠানের মালিক। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, রাত সাড়ে আটটার দিকে ১২-১৩ জনের একটি দল কুমিল্লা মিশন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মুহিবুর রহমানের কক্ষ ও কার্যালয় কক্ষের কাচ ভাঙচুর করে। একই সঙ্গে কেরোসিন দিয়ে কিছু কাগজপত্রে আগুন দেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানের রিকশাভ্যানের চালক আবুল কালাম ও হিসাবরক্ষক খালেদ চৌধুরী। রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানের দুটি কক্ষে ভাঙা কাচ পড়ে আছে। আলমারির কাচ ভাঙচুর করা।ওই শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান বলেন, ‘কে বা কারা ওই কাজ করেছে, তা আমরা জানি না।’ কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানটি আবাসিক এলাকার মধ্যে। এ এলাকার ভেতরে আগুন দেওয়ার কথা নয়। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’