কুমিল্লায় জামায়াত-শিবিরের সাত নেতা কারাগারে
কুমিল্লায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সাত নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অম্লান কিশোর জিষ্ণুর আদালতে একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা নগরে বিক্ষোভ মিছিল করেন। কারাগারে পাঠানো নেতারা হলেন: কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জামায়াতের আমির ছানাউল্লাহ মজুমদার, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি কামরুজ্জামান, সেক্রেটারি মুনির আহমেদ, অর্থ (বায়তুল মাল) সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক কামাল হোসেন ও ছাত্রকল্যাণ সম্পাদক আবদুল হক ফারুক।আদালত সূত্রে জানা গেছে, মিয়ানমারের আরাকানে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে গত ৮ জুলাই বেলা ১১টায় জামায়াত-শিবির কুমিল্লা নগরে বিক্ষোভ মিছিল করে। ওই দিন শিবিরের দুই সাথি আবদুল কাদের ও স্বপন মিয়াকে মিছিল থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় দ্রুত বিচার আইনে জামায়াত-শিবিরের নয় নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে। শিবিরের দুই সাথি কুমিল্লার আদালত থেকে এক মাস আগে জামিনে মুক্ত হন। অন্য সাত আসামি হাইকোর্ট থেকে দুই মাসের জামিন নেন। জামিনের তারিখ শেষ হওয়ায় গতকাল ওই মামলার নয় আসামি নিম্ন আদালতে হাজির হন। আদালত নয় আসামির মধ্যে সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মনির হোসাইন প্রথম আলোকে জানান, দল ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে গতকাল সন্ধ্যায় নগরে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা অবিলম্বে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি করেন। মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাছির আহমেদ মোল্লা ও কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক আবদুল মোতালেব মজুমদার।