কুমিল্লায় জেএমবির ৯ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৫ সালের ১৭ আগস্ট কুমিল্লায় বোমা হামলার ঘটনায় করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। আদালত একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতলের আবদুল কাদির খান, তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের দ্বীন ইসলাম, বিরামকান্দি গ্রামের মো. সাইফুল্লাহ আখন্দ, হোমনার কলাগাছিয়ার আরশাদুল আলম, দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবদুর রহিম, আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের আমিনুল ইসলাম, সাতক্ষীরার ইটাগাছা এলাকার মো. শামীম হোসেন, জয়পুরহাটের বানিয়াপাড়ার মো. মিজানুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের নয়াদিয়ারীর গ্রামের মইন খান। মামলায় বেকসুর খালাস পান দেবীদ্বার উপজেলা সদরের মাওলানা আতিকুর রহমান, বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের হাফেজ জাকির হোসেন ও গাজীপুরের নরগাঁও এলাকার আজিম উদ্দিন মাস্টার।মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, শাসনগাছা বাস টার্মিনাল, কুমিল্লা ক্যান্টনমেন্ট ও আদালত এলাকাসহ আটটি স্থানে একযোগে বোমা হামলা চালায় জেএমবির সদস্যরা। এতে আদালত এলাকায় তিন ব্যক্তি আহত হন। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আমীর তৈমুর থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ২০০৬ সালের ১৭ এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত গতকাল নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দেন। ১৯০৮ সালের বিস্ফোরক আইনে নয়জনকে শাস্তি দেওয়া হয় বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন।