কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গিয়াস উদ্দিন খানের মৃত্যু চিকিত্সকের গাফিলতির জন্য হয়েছে—এমন অভিযোগ তুলে দায়ী চিকিত্সকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল সোমবার দুপুর ১২টায় গিয়াস উদ্দিন খানের বড় মেয়ে মাহমুদা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী ও আদর্শ সদর উপজেলা কমান্ডার শাহজাহান সাজুর নেতৃত্বে জেলা প্রশাসকের কাছে ওই স্মারকলিপি দেওয়া হয়।
গত ৭ জুলাই মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে ৪ ডিসেম্বর কুমিল্লা নগরের গোয়ালপট্টি এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চিকিত্সকের গাফিলতির কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেন তাঁর মেয়ে মাহমুদা আক্তার। অন্যদিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার নেতারা বলছেন, ওই অভিযোগের কোনো ভিত্তি নেই।
মাহমুদা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার বাবা গত ৬ জুলাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওই দিন বিকেল পাঁচটায় নগরের ঝাউতলা এলাকার মুন হাসপাতালে কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক শেখ মারুফুজ্জামানের কাছে চিকিত্সার জন্য নিয়ে যাই। তিনি আমার বাবাকে তাড়াহুড়ো করে দেখে প্রেসক্রিপশন লিখে দেন। সেই অনুযায়ী আমরা বাবাকে ওষুধপত্র দিই। এরপর আমি মারুফুজ্জামানকে ফোন করে আমার বাবার ভীষণ অসুস্থতার কথা জানাই। একই সঙ্গে বাবাকে আরেকবার দেখার জন্য অনুরোধ করি। কিন্তু তিনি ওই দিন আমার বাবাকে দেখতে অপারগতা প্রকাশ করেন এবং বাবাকে মুন হাসপাতালের সিসিইউতে রাখার নির্দেশ দেন।’
মাহমুদা আরও অভিযোগ করেন, ‘আমি বাবার শারীরিক অবস্থার কথা বারবার জানিয়ে মারুফুজ্জামানকে আরেকটিবার দেখার অনুরোধ করি। এতে তিনি আমার প্রতি ক্ষিপ্ত হন। পরে আমি বাবাকে মুন হাসপাতালে নিয়ে যাই। সেখানেই ৭ জুলাই বাবার মৃত্যু হয়। ’ এ ব্যাপারে চিকিত্সক শেখ মারুফুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
অভিযোগ প্রসঙ্গে মুন হাসপাতালের মালিক বিএমএ কুমিল্লার সভাপতি আবদুল বাকি আনিস বলেন, ‘মুক্তিযোদ্ধার মেয়ের অভিযোগ সঠিক নয়। বাসা থেকে হাসপাতালে আনার আগেই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।