কুমিল্লায় পদচারী-সেতু থাকা সত্ত্বেও প্রতিদিন ঝুঁকি নিয়ে নারী, শিশুসহ বহু মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত ১৫ দিনে এভাবে মহাসড়ক পার হওয়ার সময় অন্তত ১০ জন আহত হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার ১০১ কিলোমিটার অংশে ১৪টি পদচারী-সেতু রয়েছে। ছয় মাস আগে এসব সেতুর নির্মাণকাজ শেষ হয়। এরপরও অনেক মানুষ ঝুঁকি নিয়ে হেঁটে মহাসড়কের একপাশ থেকে অন্যপাশে আসা-যাওয়া করে। এতে দুর্ঘটনার পাশাপাশি ভোগান্তি বাড়ছে।
গত বুধবার সকাল ১০টায় ও বেলা তিনটায় চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে দেখা গেছে, ঝুঁকি নিয়ে লোকজনের পারাপার ঠেকাতে মহাসড়কের চার লেনের সড়ক বিভাজকের ওপর বরইগাছের ডাল রাখা হয়েছে। এসব ডাল সরিয়ে অনেকে এমনকি শিশুদের নিয়ে মহাসড়কের একপাশ থেকে অন্য পাশে যাচ্ছে। সড়ক বিভাজকের দুই পাশের রাস্তায় লরি, কাভার্ডভ্যান, ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। অথচ বাসস্ট্যান্ডের ওপরেই পদচারী-সেতু রয়েছে।
মহাসড়কের দক্ষিণ পাশ থেকে সড়ক বিভাজক পার হয়ে উত্তর পাশে এসেছেন দেবীদ্বারের বাগুর গ্রামের ফজলুল হক (৪৩)। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘এত উঁচুতে উঠতে ডর (ভয়) লাগে। তাই রোড ডিভাইডারের ওপর দিয়ে পার হচ্ছি।’
গত বৃহস্পতিবার বেলা ১১টায় নন্দনপুর এলাকায় দেখা গেছে, অন্তত ছয়জন পথচারী হেঁটে মহাসড়ক পার হচ্ছে।
সওজ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফউদ্দিন বলেন, এত দিন নাগরিক সমাজসহ সবার দাবি ছিল পদচারী-সেতুর। এখন সেতু হয়েছে। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি। মানুষ আগের মতোই তাড়াতাড়ি যাওয়ার জন্য হেঁটে মহাসড়ক পার হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে সবার সহযোগিতা নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে।
মহাসড়ক পুলিশের কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান বলেন, পুলিশের চোখ এড়িয়ে অনেকে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়। পদচারী-সেতু ব্যবহারের জন্য যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।