কুমিল্লায় টিলার মাটি ধসে দুই দিনমজুরের মৃত্যু
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ময়নামতি সেনানিবাস এলাকা-সংলগ্ন টিপরা বাজার ওষুধ মার্কেটের পেছনে টিলার মাটি ধসে চাপা পড়ে দুই দিনমজুর মারা গেছেন। তাঁরা হলেন রংপুরের মো. আশরাফুল ইসলাম (৩৪) ও কুমিল্লার বুড়িচং উপজেলার তানিম ইকবাল (২৩)।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সালাম মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে মাটি কাটার যন্ত্র দিয়ে ময়নামতি পাহাড়ের একটি টিলা কাটছিল একটি চক্র। এ সময় টিলার নিচে দেয়াল নির্মাণের কাজ করছিলেন তিনজন দিনমজুর। হঠাৎ মাটি ধসে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ও তানিম। এ ছাড়া এক শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা রাত ১২টার দিকে সেখান থেকে লাশ উদ্ধার করেন। পরে লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার ওই দুই দিনমজুরের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আহত দিনমজুর আবদুল কাদের বলেন, ‘টিলা থেকে মাটি ধসে ওদের মাথার ওপর পড়ে। আমি সৌভাগ্যক্রমে বেঁচে যাই।’