কুমিল্লায় ট্রাক উল্টে সাত ঘণ্টা যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাক গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে উল্টে যায়। দুপুর ১২টার দিকে ট্রাকটি সরানো হয়। কিন্তু এ সময় প্রবল বর্ষণের কারণে সড়কের উভয় দিকে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঁঠালবোঝাই ট্রাকটি কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে চান্দিনার কাঠেরপুল এলাকায় উল্টে যায়। এতে কেউ আহত হয়নি। তবে মহাসড়কের ওপর ছড়িয়ে পড়া পাকা কাঁঠালের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে পিছলে যায়। একপর্যায়ে বালু এনে মহাসড়কে ছিটানো হয়। এরপর কিছু যান চলে। কিন্তু ততক্ষণে মহাসড়কের উভয় দিকে অন্তত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। কুমিল্লা থেকে রেকার এনে বেলা ১২টার দিকে ট্রাকটি সরায় পুলিশ। কিন্তু যানজট থাকে বিকেল চারটা পর্যন্ত। হাইওয়ে পুলিশের দাউদকান্দির ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে যানজট দূর করতে সময় লেগেছে।