কুমিল্লায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ারবাজারে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় প্রথম আলো ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের তিনজন কর্মী নিহত ও একজন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: মো. রিপন মিয়া (৩০), আবদুস সোবহান (৩৫) ও হামিম মিয়া (২৮)। রিপন মিয়ার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার হালিয়াবাদ গ্রামে। আবদুস সোবহানের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ফুলছোঁয়া গ্রামে আর হামিমের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মহিপুর গ্রামে। আহত কার্তিক নাথের (৪০) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ গ্রামে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, বেলা ১১টার দিকে মিয়ারবাজার এলাকায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের কচুয়াগামী কোমল পানীয় পেপসি বহনকারী ট্রান্সকম বেভারেজ লিমিটেডের একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মো. রিপন মিয়া মারা যান। আহত হন ট্রাকের আরোহী প্রথম আলোর চট্টগ্রামের ছাপাখানার কর্মী মো. আবদুস সোবহান, চালকের সহকারী হামিম মিয়া ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কর্মী কার্তিক নাথ। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে মো. আবদুস সোবহান ও হামিম মিয়া মারা যান। দুর্ঘটনায় ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে।হাসপাতালে চিকিৎসাধীন কার্তিক নাথ প্রথম আলোকে জানান, কাভার্ডভ্যানটি তাঁদের ট্রাকটিকে ধাক্কা দিয়েছে। তিনি জানান, ট্রাকটিতে তিনিসহ চারজন ছিলেন। প্রথম আলোর কর্মী সোবহান চট্টগ্রাম থেকে ট্রাকে উঠেছেন।ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কুমিল্লার টেরিটরি ম্যানেজার মাহবুব হাসান বলেন, মৃতদেহগুলো বাড়িতে পৌঁছানো হয়েছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। তিনি জানান, কার্তিকের ডান পা ভেঙে গেছে। এ ছাড়া তিনি বাম পা ও পেটে আঘাত পেয়েছেন।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।দুর্ঘটনায় নিহত প্রথম আলোর ছাপাখানার কর্মী আবদুস সোবহানের বড় ভাই আবদুল মান্নান জানান, সকালে সোবহান ফোন করে জানিয়েছিলেন তিনি বাড়ি আসছেন। সোবহান স্ত্রী রাবেয়া বেগম, দুই মেয়ে তানজিনা (১০), তাহমিনা (৭), ছেলে সিয়াম (৫), মা, তিন ভাই ও এক বোন রেখে গেছেন।