কুমিল্লায় ট্রাকচাপায় তিন কলেজছাত্রী আহত, অবরোধ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের তিন শিক্ষার্থী ট্রাকচাপায় আহত হয়েছেন। গতকাল সোমবার কলেজ সড়কের ধর্মপুর চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা রেলপথ ও সড়ক অবরোধ করেন। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, গতকাল দুপুর একটার দিকে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজা খানম, ফারজানা আক্তার ও খোদেজা চৌধুরী ব্যবহারিক ক্লাস শেষে রিকশাযোগে কলেজ থেকে শহরের দিকে ফিরছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ওই রিকশাকে চাপা দেয়। এতে তাঁরা আহত হন। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ট্রাকটি আটক করে। চালক পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সড়কে গতিরোধক (স্পিড ব্রেকার) নির্মাণ ও ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার দাবিতে দুপুর একটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রেলপথ ও সড়ক অবরোধ করেন। একই সঙ্গে তাঁরা আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় ট্রাকমালিককে দেওয়ার দাবি জানান। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মেরাজুল ইসলাম জানান, মাহফুজা খানম ছাড়া অন্য দুই শিক্ষার্থী আশঙ্কামুক্ত। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তাঁরা সড়ক অবরোধ তুলে নেন। স্পিড ব্রেকার নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।