কুমিল্লায় ট্রেন থেকে চারটি বিদেশি পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশনের আউট গেটে ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা-নিশীথা যাত্রীবাহী ট্রেন থেকে চারটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি, ছয়টি ম্যাগাজিন ও গুলির একটি খালি খোসা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার ভোর পাঁচটা ১০ মিনিটে ব্যাগ ভর্তি অস্ত্র ও গুলি চোরাচালানের সময় উদ্ধার করেন বিজিবি কুমিল্লার ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা।ট্রেন থেকেই অস্ত্রগুলো চোরাকারবারিরা সন্ত্রাসীদের কাছে হস্তান্তর করছিল বলে বিজিবি সূত্র জানায়। বিজিবির ইন্ট অফিসার মেজর মোহাম্মদ খালেকুজ্জামান জানান, সন্ত্রাসীদের কাছে অস্ত্রের একটি চালান চোরাকারবারিরা হস্তান্তর করবে—এমন তথ্যের ভিত্তিতে বিজিবি কুমিল্লা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতারুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ টহল দল রাজাপুর রেলস্টেশনে গত মঙ্গলবার রাত থেকেই অবস্থান নেয়।ঢাকা থেকে চট্টগ্রামগামী তূর্ণা-নিশীথা ট্রেনের একটি কামরায় অস্ত্র চোরাকারবারিদের দল ব্যাগ ভর্তি অস্ত্র ও গুলি নিয়ে ওঠে। গতকাল বুধবার ভোর পাঁচটা ১০ মিনিটে ট্রেনটি রাজাপুর রেলস্টেশনের আউট গেটের কাছে যাওয়ামাত্র চলন্ত ট্রেন থেকে সন্ত্রাসীদের কাছে অস্ত্রের ব্যাগ হস্তান্তর করা হয়। ওই সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দাঁড়িয়ে থাকা সন্ত্রাসীরা অস্ত্রসহ ব্যাগটি ফেলে পালিয়ে যায়।পরে বিজিবির সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে চারটি বিদেশি পিস্তল, ৪০টি গুলি, পিস্তলের ছয়টি ম্যাগাজিন, একটি গুলির খোসা ও একটি চার্জার ক্লিপ উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্র ও গুলি বুড়িচং থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কুমিল্লার বুড়িচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করা হয়েছে।