কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, ১০ ঘণ্টা রেল চলাচল বন্ধ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই রেলস্টেশনে গতকাল রোববার একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রেলপথে প্রায় ১০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। লাকসাম রেলওয়ে জংশন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সান্তাহারগামী গমবোঝাই একটি মালবাহী ট্রেন শনিবার দিবাগত রাত তিনটার দিকে লালমাই রেলস্টেশনে পৌঁছে। এ সময় হঠাৎ বিকট শব্দে ইঞ্জিনসহ একটি বগি লাইন থেকে ছিটকে পাশে ধানখেতে পড়ে যায়। এ সময় রেললাইন উল্টে গিয়ে আরও তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর লাকসাম রেলওয়ে জংশন ও আখাউড়া জংশন থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ক্রেন) এসে উদ্ধারকাজ শুরু করে। দুপুর একটার দিকে ট্রেনটির উদ্ধার ও লাইন মেরামত করার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। লাকসাম রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুখেন্দ্র চন্দ্র সূত্রধর জানান, দুর্ঘটনার কারণ জানতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা সামছুল আরেফিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান সামছুল আরেফিন বলেন, ট্রেনচালক সিগন্যাল না মেনে ট্রেন চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। ট্রেনচালকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।