কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত যাত্রী দুর্ভোগ
কুমিল্লা রেলস্টেশনের আউটার সিগন্যালে (বহিরাগমন সংকেত) গত বুধবার রাতে একটি মালবাহী ট্রেনের দুটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এ জন্য ট্রেন চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। ওই সময়ে লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। এ কারণে যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
কুমিল্লা রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী একটি ট্রেন বুধবার রাত ১১টায় কুমিল্লা রেলস্টেশনের বহিরাগমন সংকেত এলাকা অতিক্রম করছিল। রেলস্টেশনের অদূরে ধর্মপুর এলাকায় ট্রেনটির দুটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও নোয়াখালীর মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত একটায় লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে।
কুমিল্লা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার শফিকুর রহমান বলেন, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ভোর চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।