কুমিল্লায় ঠিকাদারকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার একটি কাজে দরপত্র জমা দিতে কোটবাড়িতে আসা এক ঠিকাদারকে ছাত্রলীগের নেতারা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম ওরফে রিন্টুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন ঠিকাদার শামসুল আলম।বার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার বার্ডের সহযোগী প্রতিষ্ঠান কোতোয়ালি থানা কো-অপারেটিভ সমিতির (কেটিসিসি) চেয়ারম্যানের বাসভবন নির্মাণ, সড়ক সংস্কার ও বার্ডের সাউন্ড সিস্টেমের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল নয়টা থেকে রিন্টুর নেতৃত্বে ছাত্রলীগের নেতারা বার্ডে পাহারা বসান। এর মধ্যে ঢাকার কমিউনিকেশন সিস্টেম লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে শামসুল আলম দরপত্র জমা দেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতারা তাঁকে অবরোধ করে রাখেন এবং মারধর করে তাঁর কাছ থেকে দরপত্র প্রত্যাহারের জন্য মুচলেকা নেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।এ ব্যাপারে বার্ডের প্রকল্প পরিচালক শরীফুল্লাহ বলেন, ‘দরপত্র আমরা যথাসময় জমা নিয়েছি। বাইরে হয়তো ঝামেলা হতে পারে। আমরা নির্ধারিত সময়ে টেন্ডার বাক্স খুলেছি।’ অভিযোগের ব্যাপারে ছাত্রলীগের নেতা রিন্টু বলেন, ‘আমি মাত্র ১৫ লাখ টাকার দরপত্রে অংশ নিই। ওই ঠিকাদারকে মারধর করা হয়নি। তাঁকে বলেছি, ছোট কাজে কেন এলেন।’সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বলেন, সেখানে গিয়ে ছাত্রলীগের নেতা রিন্টু ঝামেলা করেছেন।