কুমিল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী কাউন্সিলর বিল্লাল গ্রেপ্তার
কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তালিকাভুক্ত সন্ত্রাসী ও শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল ওরফে চোরা বিল্লালকে (৩৮) গতকাল মঙ্গলবার সকালে নগরের ছোটরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি ও গভীর রাতে বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ এবং ভাঙচুর করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিল্লালের বিরুদ্ধে নগরের ছোটরা এলাকার দুই বাসিন্দা দ্রুত বিচার আইনে ও চাঁদাবাজির দুটি মামলা করেন। গ্রেপ্তারের পর বিল্লালকে বিকেলে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। বিল্লাল গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে আসে। এদিকে পুলিশ জানায়, আজ বুধবার বিল্লালকে আদালতে হাজির করা হবে। তাঁকে পাঁচ দিনের রিমান্ড দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।ওই আবেদনের শুনানির জন্য তাঁকে হাজির করা হবে বলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে নিশ্চিত করেন। পুলিশ, এলাকাবাসী, মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টা ৩০ মিনিটে নগরের ছোটরা এলাকার ১৫৩/৫ তোয়া হাউজিং এলাকার বাসিন্দা আইনজীবী জামাল উদ্দিন ভূঞার বাসায় গিয়ে কাউন্সিলর বিল্লাল ও তাঁর সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় জামাল উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিল্লাল নিজেই বাসার মধ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। গুলিবর্ষণে নির্মাণাধীন পাঁচতলা ভবনের জানালার কাচসহ ৫০ হাজার টাকা দামের থাই এলুমিনিয়ামের কাচ ভেঙে যায়। এরপর তিনি বাসার বিভিন্ন আসবাব তছনছ ও ভাঙচুর করেন। ওই ঘটনায় বিল্লালকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ অর্থাৎ দ্রুত বিচার আইনে গতকাল মঙ্গলবার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়।এ ব্যাপারে জামাল উদ্দিন বলেন, ‘বাড়িতে ঢুকে বিল্লাল কমপক্ষে ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর বাড়ির আসবাবপত্র ও জানালা ভাঙচুর করে।’ এদিকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি, মুঠোফোন চুরি ও ভাঙচুরের অভিযোগে একই এলাকার বাসিন্দা পারভীন আক্তার বাদী হয়ে বিল্লাল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার কোতোয়ালি থানায় আরও একটি মামলা করেন। মামলায় বিল্লালকে ৩ নম্বর আসামি রাখা হয়েছে। ওই মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।জানতে চাইলে পারভীন আক্তার জানান, গত ১৯ মার্চ বেলা একটা ৩০ মিনিটে কাউন্সিলর বিল্লাল ভবন নির্মাণের জন্য চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় বাসার মুঠোফোন চুরি করে নিয়ে যান। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বিল্লাল বেপরোয়া হয়ে ওঠেন। এদিকে সোমবার রাতের ঘটনার পর গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান ক্ষতিগ্রস্ত আইনজীবী জামাল উদ্দিন ভূঞার বাসভবনে যান। সেখান থেকে ফিরে আসার ১৫ মিনিটের মধ্যেই অর্থাৎ সকাল নয়টা ৪৫ মিনিটে কাউন্সিলর বিল্লালকে তাঁর ছোটরা এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদের নেতৃত্বে হাতকড়া পরিয়ে তাঁকে থানায় নিয়ে আসা হয়। ওই সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রভাবশালী কাউন্সিলর তাঁকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের কাছে তদবির করতে যান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বিল্লাল ফুটপাত ও নালা দখল করে অনুমোদনহীনভাবে কাউন্সিলর ভবন নির্মাণ শুরু করেন। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় পাঁচটি মামলা রয়েছে। একই সঙ্গে রয়েছে একাধিক জিডি। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বলেন, বিল্লাল জেলা পুলিশের তালিকাভুক্ত ৯ নম্বর সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চারদলীয় জোট সরকারের আমলে টেন্ডারবাজির অভিযোগসহ নানা অভিযোগ রয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, বিল্লালের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে নিজ এলাকার নালা ও ফুটপাত দখল করে ভবন নির্মাণের অভিযোগও রয়েছে। ১১ এপ্রিলের বৈঠকে তাঁর ভবন নির্মাণের বিষয়টি উত্থাপন করা হবে। তবে অভিযোগ সম্পর্কে কাউন্সিলর বিল্লাল থানায় কোনো ধরনের মন্তব্য করেননি। ফটোসাংবাদিকেরা ছবি তুলতে গেলে আপত্তিকর শব্দ উচ্চারণ করেন। চলতি বছরের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন মো. বিল্লাল। উল্লেখ্য, গত ২২ মার্চ প্রথম আলোর বিশাল বাংলার ৫ নম্বর পৃষ্ঠায় বিল্লালের অপকর্ম নিয়ে ‘ফুটপাত ও নালা দখল করে ভবন তুলছেন কাউন্সিলর’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।