কুমিল্লা জেলায় গত তিন মাসে খুন হয়েছে ৪৫ জন। এর মধ্যে ১০টি খুনের ঘটনা ঘটে কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলায়। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ১৩৪টি। ছিনতাই, চুরি ও ঠেকবাজির সংখ্যাও দিন দিন বেড়েই চলছে।গতকাল রোববার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ওই তথ্য উপস্থাপন করা হয়। জানা যায়, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। দুই ঘণ্টাব্যাপী ওই বৈঠকে প্রায় সব বক্তাই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেন। সভায় বক্তারা বলেন, জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা থেকে জনগণকে রক্ষা করতে হবে। নগরের পাড়ায় পাড়ায় সন্ত্রাসী, ছিনতাইকারী ও ঠেকবাজেরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের প্রতিহত করার জন্য পুলিশের টহল জোরদার করতে হবে। সভায় জানানো হয়, গত আগস্টে কুমিল্লায় ১৩টি, সেপ্টেম্বরে ১৮টি এবং অক্টোবরে ১৪টি খুনের ঘটনা ঘটে। কমিটির সদস্য জি এম সিকান্দার বলেন, নগরে ছিনতাই বেড়ে গেছে। তালপুকুরপাড়, রানীর বাজার, অশোকতলা, বাগিচাগাঁও দমকল পুকুরপাড়, রেলস্টেশন সড়ক ও ধর্মপুর রেলক্রসিং এলাকায় ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে। এদের ঠেকাতে হলে টহল (মনিটরিং) জোরদার করতে হবে। পর্যাপ্ত র্যা ব ও পুলিশ মোতায়েন করতে হবে। বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, বাগিচাগাঁওয়ের একটি বাসার সামনে ছিনতাইকারীরা সব সময় ঘোরাফেরা করে। আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ জানান, ১২ নভেম্বর কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের তেলকুপি বাজারসংলগ্ন ফসলি জমি থেকে তারু মিয়া (৬০) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়। তারু মিয়া ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। ডাকাতেরা তাঁকে খুন করে। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ছিনতাই ও খুন বেড়ে গেছে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক জানান, গত শনিবার সন্ধ্যায় ঠাকুরপাড়ায় তাঁর বাসার সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে তাঁর স্বর্ণের চেইন ও ব্যাগ নিয়ে যাওয়া হয়। কুমিল্লা থেকে অস্ত্র উদ্ধার ও জামায়াত-শিবিরের মেসে তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। সভায় আরও বক্তব্য দেন নতুন পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান, কুমিল্লার অতিরিক্ত জেলা হাকিম ইকবাল হোসেন। জনপ্রতিনিধিদের উপস্থিতি কম: কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গতকাল ১৬ উপজেলার মধ্যে পাঁচটি উপজেলা পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। একটি সিটি করপোরেশন ও আটটি পৌরসভার মধ্যে কেবল নাঙ্গলকোট পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা পদাধিকারবলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য। কিন্তু বৈঠকে তাঁদের অধিকাংশই অনুপস্থিত থাকেন। এতে করে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলার স্পষ্ট চিত্র পাওয়া যাওয়া না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।