কুমিল্লায় তীব্র গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ গ্যাস-সংযোগ বৃদ্ধি, শীতে পাইপলাইনে গ্যাসের স্বল্প চাপ এবং নতুন লাইন নির্মাণ না করায় কুমিল্লা শহর ও শহরতলির গ্রাহকেরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন না। বাসাবাড়িতে দিনের বড় একটা সময়জুড়ে চুলা জ্বলছে না।
এক দশক আগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) লাকসামের বিজরা থেকে কুমিল্লা ইপিজেড পর্যন্ত ২৭ কিলোমিটার নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের উদ্যোগ নিলেও সেটি এখনো বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন গ্রাহকেরা।
বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) এ এস এম আকবর কবীর বলেন, ২০০৭ সালের ১৯ জুলাই বিজরা থেকে কুমিল্লা ইপিজেড পর্যন্ত যে ২৭ কিলোমিটার গ্যাস পাইপলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, তার মধ্যে ২৩ কিলোমিটার এলাকায় ৮ ইঞ্চি পাইপের মধ্যে দ্রুতগতির গ্যাস চাপ এবং কুমিল্লা ইপিজেডের ভেতরে সরবরাহের জন্য চার কিলোমিটার এলাকায় অপেক্ষাকৃত স্বল্প গতিতে গ্যাস দেওয়ার জন্য লাইন স্থাপনের প্রকল্প নেওয়া হয়। দীর্ঘ সময় পরীক্ষা-নিরীক্ষার পর ২০১৬ সালের ১৪ জানুয়ারি ২৭ কোটি টাকা বরাদ্দ দিয়ে দরপত্র আহ্বান করা হয়। দরপত্র জমা দেওয়া হয় ২৩ ফেব্রুয়ারি। সে সময় উচ্চ দাম পড়ায় ওই দরপত্র বাতিল করা হয়। এরপর ২০ অক্টোবর কোম্পানির পরিচালকমণ্ডলীর ৫০৬তম সভায় পুনরায় দরপত্র আহ্বানের সিদ্ধান্ত হয়। বর্তমানে ওই পাইপলাইন নির্মাণ করতে খরচ হবে ২৯ কোটি ৭৭ লাখ টাকা। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থেকে রাস্তা কাটার অনুমোদন পেলেই ই-টেন্ডারিংয়ের মাধ্যমে দরপত্র আহ্বান করা হবে।
বিজিডিসিএল সূত্রে জানা গেছে, ১৯৮০ সালের ৭ জুন বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের যাত্রা শুরু। ২০০৮ সালের ১৭ নভেম্বর ওই কোম্পানিকে দ্বিখণ্ডিত করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নাম দেওয়া হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে চান্দিনার কুটুম্বপুর এলাকায় প্রধান লাইনে গ্যাস সরবরাহ করা হয়। এরপর সেখান থেকে ২০ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ করা হয় চট্টগ্রাম পর্যন্ত। ওই লাইনের গ্যাস যায় মাধাইয়ার সামিট পাওয়ার প্ল্যান্ট, হাবিবুর রহমান টেক্সটাইল মিল, কুমিল্লা সেনানিবাস, সফিউল আলম স্টিল মিল ও নন্দনপুর এলাকায় সামিটের বিদ্যুৎ প্রকল্পে। কোটবাড়ীর নন্দনপুর এলাকায় ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন (ডিআরএস) রয়েছে। সেখান থেকে ৮ ইঞ্চি ব্যাসের পাইপের মধ্য দিয়ে গ্যাস কুমিল্লা শহর ও শহরতলিতে ঢোকে। কুটুম্বপুর ডিআরএসে গ্যাসের ধারণক্ষমতা ৩০ এমএম সিএফডি। এরপর নন্দনপুর ডিএসআরে আসা পর্যন্ত প্রতিদিন ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। এ স্টেশনে ২৫ মিলিয়ন গ্যাস ধারণের ক্ষমতা রয়েছে। ওই গ্যাসই কুমিল্লা শহর ও শহরতলির বিভিন্ন বাসাবাড়িতে যায়। কিন্তু কুমিল্লা অঞ্চলে প্রতিদিন ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। এই সংকট কাটিয়ে ওঠার জন্য আলাদা পাইপলাইন টেনে ডিআরএস করলে তবেই ভোগান্তি কমবে।
নগরের পশ্চিম বাগিচাগাঁও, রেসকোর্স, বিষ্ণুপুর, ছোটরা, কালিয়াজুরি, দৌলতপুর, অশোকতলা, হিরাপুর, হজরতপাড়া ও জগন্নাথপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে তীব্র গ্যাস-সংকট চলছে। পশ্চিম বাগিচাগাঁও এলাকার বাসিন্দা আশিক অমিতাভ বলেন, গ্যাস-সংকটের কারণে বাসায় সকালের নাশতা ও দুপুরের খাবার রান্না করা যাচ্ছে না। নতুন পাইপলাইন নির্মাণ ও পুরোনো পাইপলাইন না বদলালে এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে না বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে বিজিডিসিএলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শীতকালে গ্রাহকেরা অহেতুক চুলা জ্বালিয়ে রাখেন। তা ছাড়া শীতে গ্যাস জমাট বেঁধে পাইপে চাপ কম থাকে। কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে এমনটা হয়। তার ওপর অবৈধ গ্যাস-সংযোগ থাকায় প্রকৃত গ্রাহকেরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন।
যোগাযোগ করলে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গ্যাস-সংকট দূর করার জন্য শিগগির বিজরা-ইপিজেড পাইপলাইন নির্মাণ করা হবে। তখন গ্রাহকদের ভোগান্তি কমবে।