কুমিল্লায় দফায় দফায় ভোট গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই এবং প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের ঘটনায় গতকাল শনিবার কুমিল্লায় আটটি কেন্দ্র ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এ ছাড়া অন্তত ২৫টি ভোটকেন্দ্রে গোলযোগের কারণে দফায় দফায় ভোট গ্রহণ বন্ধ থাকে।

ভোট গ্রহণ স্থগিত করা কেন্দ্রগুলো হচ্ছে নাঙ্গলকোট উপজেলার মাহিনী উচ্চবিদ্যালয়, মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বক্সগঞ্জ উচ্চবিদ্যালয়, পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিজিয়ারা উচ্চবিদ্যালয়, চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর উচ্চবিদ্যালয় ও ফাল্গুনকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিতাস উপজেলার কানাই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর খান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে ভোটকেন্দ্রে ঢোকেন। এরপর তাঁরা ভোটকেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো বিদ্যালয় প্রাঙ্গণে নিয়ে আসেন। পরে ব্যালট বাক্স ভেঙে ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। এ সময় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়ার আবদুর রাজ্জাক উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হককে পিটিয়ে জখম করা হয়। এ কারণে আড়াই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় প্রিসাইডিং কর্মকর্তা এ কে এম আক্তার হোসেন ভোট গ্রহণ বন্ধ রাখেন। পরে পুলিশ গিয়ে পুনরায় ভোট চালু করে।

এ ছাড়া ব্রাহ্মণপাড়ার শিদলাই দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নেতা-কর্মীদের সঙ্গে একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এদিকে বুড়িচং উপজেলার শিবরামপুর, শাহদৌলতপুর ও রামপুর ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ জন্য এসব কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা করে ভোট গ্রহণ স্থগিত থাকে। সংঘর্ষের ঘটনায় বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পাঁচজন নেতা-কর্মী আহত হন। এর মধ্যে বিএনপি-সমর্থিত এক নেতার অবস্থা আশঙ্কাজনক।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন নানা কারণে আটটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে। তা ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংঘাতের কারণে অন্তত ২৫টি ভোটকেন্দ্রে কয়েক ঘণ্টা করে ভোট গ্রহণ বন্ধ থাকে।