কুমিল্লায় দলিল লেখক সমিতির সভাপতিসহ ১৬ জনের সনদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাদেকুর রহমানসহ ১৬ জন দলিল লেখকের সনদ বাতিল করা হয়েছে। গত রোববার আইন মন্ত্রণালয়ের ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (আইজিআর) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাঁদের সনদ বাতিল করেন। তবে এই বাতিল আদেশের প্রতিবাদে গতকাল সোমবার জরুরি সভা করেছে দলিল লেখক সমিতি।সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে দুপুরে সমিতির কার্যালয়ে দলিল লেখকদের একটি জরুরি সভা হয়। এতে বক্তব্য দেন দলিল লেখকদের নেতা সাদেকুর রহমান, আবুল হাসেম, আবদুল কাদের প্রমুখ।সাদেকুর রহমান বলেন, ‘তদন্ত না করেই ওই সাজা দেওয়া হলো। জেলা রেজিস্ট্রার লুৎফুর রহমানের বিরুদ্ধে আন্দোলন করায় চক্রান্ত করে এই আদেশ জারি করানো হয়েছে। দুর্নীতিবাজ রেজিস্ট্রারকে কুমিল্লা থেকে সরানোর দাবি তোলায় উল্টো আমাদের সনদ বাতিল করা হলো।’ গত জুন ও জুলাই মাসে দলিল লেখক সমিতি জেলা রেজিস্ট্রার লুৎফুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করে। লুৎফুরকে ঈদের আগে কুমিল্লা থেকে রাজবাড়ীতে বদলি করা হয়। এর আগেই তিনি সাদেকুরসহ ১৬ দলিল লেখকের সনদ বাতিলের জন্য আইজিআরের কাছে লিখিত আবেদন করেন।