কুমিল্লায় দিঘিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুক্ষণ আগেও সহপাঠীদের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতে ছিল ওরা। এক বন্ধুর জন্মদিনের কেক কেটে, খেয়ে মজাও করে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির মধ্যে নৈসর্গিক মনোলোভা ধর্মসাগরে নামে অন্তত ১২ কিশোর। খানিকটা সময় দাপাদাপিও করে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, একপর্যায়ে ওদের মধ্যে দুজন দিঘির পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক জানালেন, এ দুজন আর নেই।

বৃহস্পতিবার বিকেল পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিক্ষার্থীরা হলো কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের সারাফাত আহমেদ শিহাব (১৫) ও কুমিল্লা মডার্ন হাইস্কুলের একই শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদমান হোসেন ফাহিম (১৪)।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাহউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আরাফাত ও সাদমানের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।’