কুমিল্লায় দিনদুপুরে দুই স্কুল শিক্ষককে এসিড নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মহানগরের আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের দুই সহকারী শিক্ষককে দিনদুপুরে সিরিঞ্জ দিয়ে এসিডদগ্ধ করেছে দুই বখাটে মোটরসাইকেল আরোহী। গতকাল শনিবার বেলা দুইটায় নগরের পুরাতন চৌধুরীপাড়া এলাকার টিঅ্যান্ডটি অফিসের মসজিদের কাছে ওই মর্মান্তিক ঘটনা ঘটে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে দুইটায় কুমিল্লা পৌর উদ্যানসংলগ্ন আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুলের দুই সহকারী শিক্ষক জসিম উদ্দিন ও আল আমিন বিদ্যালয় থেকে নগরের পুরাতন চৌধুরীপাড়ার বাসায় ফিরছিলেন। তাঁদের বহনকারী রিকশাটি টিঅ্যান্ডটি অফিসের মসজিদের কাছে গেলে মোটরসাইকেলের মুখোশধারী দুই আরোহী শিক্ষকদের রিকশার গতি রোধ করে। এরপর সিরিঞ্জ দিয়ে তাঁদের মুখে ও চোখে এসিড নিক্ষেপ করে। তখন শিক্ষকেরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এসিড নিক্ষেপকারী সন্ত্রাসীরা ওই সময় সিরিঞ্জ ফেলে দিয়ে মোটরসাইকেলে করে কুমিল্লা হাইস্কুলের দিকে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাদের পার্শ্ববর্তী পুকুরে নামিয়ে প্রচুর পানি দেয়। সেখান থেকে ওই শিক্ষকদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা মালেকুল আফতাব প্রথমে তাঁদের চিকিৎসা করেন। এরপর জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার হারুন অর রশিদ। চিকিৎসা শেষে বিকেল চারটায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।সেখানে উপস্থিত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী জানান, শিক্ষক জসিম উদ্দিনের শরীরের ৫ শতাংশ পুড়ে গেছে। আর শিক্ষক আল আমিনের ৮ শতাংশ পুড়ে যায়। স্থানীয় বাসিন্দা ও কর্মজীবী নারী কুমিল্লার সম্পাদক আয়েশা সিদ্দিকা জানান, ওই দুই শিক্ষককে এসিড নিক্ষেপ করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা যায়নি। সিরিঞ্জটিও সড়কের ওপর পড়ে ছিল। তথ্যানুসন্ধানে জানা গেছে, আল আমিন ও জসিম বিদ্যালয়ের তরুণ শিক্ষক হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। তাঁদের কাছে বিদ্যালয়ের ছাত্রীরা প্রাইভেট পড়ত। প্রাইভেট পড়া শেষে ছাত্রীদের উত্ত্যক্ত করত এলাকার বেশ কিছু বখাটে ছেলে। এদের একবার শাসিয়ে ছিল তারা। ওই ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন। অন্য একটি সূত্র দাবি করেছে, মাস খানেক আগে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরই জের ধরে ওই ঘটনা হতে পারে। এদিকে এসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি দিলনাশি মোহসেন ও সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।