কুমিল্লায় দিনব্যাপী বিতর্ক উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুক্তির আলোয় উদ্ভাসিত হোক আগামীর সভ্যতা’ স্লোগান নিয়ে গতকাল শনিবার কুমিল্লায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় বিতর্ক উৎসব। নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই উৎসব হয়।
ন্যাশনাল ডিবেট ফেডারেশন (এনডিএফ) বাংলাদেশ ও ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের (ভিসিডিএস) যৌথ আয়োজনে ওই উৎসব হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল শোভাযাত্রা, আঞ্চলিক বিতর্ক, কর্মশালা, সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্কের কর্মশালা, সংসদীয় বিতর্ক, বারোয়ারি বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এতে ১৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সকাল নয়টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের মডারেটর জহিরুল ইসলাম পাটোয়ারি। বিকেলে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনডিএফের চেয়ারম্যান এ কে এম শোয়েব।