কুমিল্লায় দুই ঠিকাদারের সমর্থকদের সংঘর্ষ, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় দরপত্র কেনায় বাধা দেওয়া নিয়ে দুই ঠিকাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে তিনজন আহত হয়েছে। গতকাল সোমবার জেলা পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আ স ম মোসলেম প্রথম আলোকে জানান, ২০১০-১১ অর্থবছরে কুমিল্লা জেলা পরিষদের এডিপি সাধারণ/এডিপি সাশ্রয়ী তহবিলের আওতায় ১২৬টি এবং একই অর্থবছরে কুমিল্লা জেলা পরিষদের নিজস্ব তহবিলের আওতায় ২৮টিসহ মোট ১৫৪টি কাজের দরপত্র বিক্রি হচ্ছে। তিন কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ের এসব কাজের দরপত্র বিক্রি বুধবার (আগামীকাল) পর্যন্ত চলবে।জানা গেছে, বেলা সাড়ে ১১টায় যুবদলের কর্মী ও শহরের ছোটরা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের লোকজন জেলা পরিষদে ওই সব কাজের দরপত্র কিনতে আসেন। সরকারদলীয় সমর্থক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক সরকার মাহমুদ জাবেদের লোকজন তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের লোকজনকে দা, ছেনিসহ ধারালো অস্ত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় বিল্লাল হোসেনের সমর্থকদের মধ্যে তাঁর ভাগনে রাসেল (২৪) ও এমদাদ (২৪) এবং সরকার মাহমুদ জাবেদের সমর্থক রিফাত (২৬) আহত হন।এ ব্যপারে সরকার মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বিল্লালের সমর্থকেরা আমাদের ছেলেদের মারধর করতে এলে তারা প্রতিবাদ করে। দরপত্র কিনতে কাউকে বাধা দেওয়া হয়নি। দরপত্র জেলা পরিষদ ছাড়াও বিভিন্ন অফিসে পাওয়া যায়। এ ঘটনায় আমার কর্মী রিফাত আহত হয়েছে। তবে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না।’ এ ব্যাপারে বিল্লাল হোসেনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রধান বলেন, জেলা পরিষদের বাইরে গণ্ডগোল হলেও ভেতরে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সবাই দরপত্র ঠিকমতো কিনতে পেরেছেন বলে তিনি দাবি করেন।