চাঁদা দাবি করায় কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পুলিশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মতিউল খানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে বুড়িচং গ্রামের পোলট্রি ও মৎস্য ওষুধ বিক্রেতা মনির হোসেনের মালবোঝাই পিকআপ ভ্যান উপজেলা সদরের দোকানে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মী কামাল হোসেন চাঁদা দাবি করেন। এতে গাড়িতে থাকা মনিরের ছোট ভাই ওবায়েদ হোসেন আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে রাত নয়টার দিকে উভয় পক্ষের লোকজন দা, ছেনি ও রামদা নিয়ে বুড়িচং বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্রলীগের কর্মী মো. আলাউদ্দিন (২২) ও সুমন মিয়া (২১) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন দ্রুত বিচার আইনে মামলা করেন। এ মামলায় রাতেই মতিউল খান (৩৩), তাঁর ছোট ভাই জিয়াউর রহমান খান (২৯), যুবলীগের কর্মী জাকির হোসেন (৪২) ও মনির হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লাঘাটা এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। ইউনিয়নের একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে চককীর্তির লাঘাটা থেকে ধাইনগরের গুপ্তমানিক পর্যন্ত সড়ক পাকাকরণের কাজের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এ জন্য লাঘাটা সেতুর পাশে আমবাগানে একটি মঞ্চ তৈরি করা হয়। এ মঞ্চের দখল নেওয়ার জন্য আওয়ামী লীগের সাদেক-মোস্তফা পক্ষ ও মোজাহার-কাদের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের জানান, সংঘর্ষে উভয় পক্ষের ছয়জন আহত হন। তাঁরা হলেন, সাঈদী হাসান, রেজাবুল হক, ওমর আলী, গোলাম মোস্তফা, ভুটু ও তরিকুল। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সংঘর্ষে তরিকুল নামে একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।