কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
কুমিল্লায় আদর্শ সদর উপজেলার বারোপাড়া গ্রামে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে আজ শনিবার সন্ধ্যার দিকে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে শিশু, নারীসহ অন্তত ১৯ জন।
নিহত যুবকের নাম মো. রাসেল (২৫)। তিনি বারোপাড়া গ্রামের সাদেকুর রহমানের ছেলে।
বারোপাড়া এলাকার ময়নামতি মেডিকেল কলেজের সামনের সড়কে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই সংঘর্ষ হয়। এতে আহত মো. বাপ্পী নামের একজন প্রথম আলোকে বলেন, কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে বারোপাড়ার হানিফ মিয়া ও কাওসার আহমেদের সঙ্গে স্থানীয় কয়েকজনের বিরোধ ছিল। তিনি অভিযোগ করেন, ওই বিরোধকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় হানিফ ও কাওসারপক্ষের লোকজন পার্শ্ববর্তী নূরপুর এলাকার আমজাদ হোসেন ও তাঁর লোকজনকে এলাকায় নিয়ে আসেন। তাঁরা ময়নামতি মেডিকেল কলেজের সামনের সড়কে রাসেল ও বাপ্পীর সঙ্গে গাছ কাটা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে গুলি করা হয়। এতে ঘটনাস্থলে রাসেল নিহত হন। বাপ্পীর অভিযোগ, এ সময় আশপাশের দোকান থেকে এলাকার লোকজন এগিয়ে এলে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আহত হয় অন্তত ১৯ জন।
নিহত রাসেলের ফুফাতো ভাই সাদ্দাম হোসেন বলেন, রাসেল কুমিল্লা শহরের চকবাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় পথে আমজাদের লোকজন তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, পার্শ্ববর্তী নূরপুর এলাকা থেকে লোকজন এসে বারোপাড়া গ্রামে হামলা চালিয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে। কাউকে আটক করা যায়নি।