কুমিল্লায় দুই শিশু হত্যায় সৎভাইয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শহরের রসুলপুর এলাকায় গতকাল শনিবার দুই সন্তান জয় ও মনিকে হারিয়ে বাবা-মায়ের আহাজারি। ছবি: প্রথম আলো
কুমিল্লা শহরের রসুলপুর এলাকায় গতকাল শনিবার দুই সন্তান জয় ও মনিকে হারিয়ে বাবা-মায়ের আহাজারি। ছবি: প্রথম আলো

কুমিল্লা শহরে শিশু সহোদর হত্যার ঘটনায় আজ রোববার সকালে মামলা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা ওই মামলায় দুই শিশুর সৎভাই মো. আল সফিউল ইসলাম ওরফে ছোটনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, দুই শিশুর মা রেখা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

গতকাল শনিবার শহরের রসুলপুর এলাকায় মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) নামের দুই শিশু খুন হয়। তাদের বাবা মুদি দোকানদার আবুল কালাম। তাঁর দ্বিতীয় স্ত্রী রেখার দুই ছেলে জয় ও মনি। প্রথম স্ত্রী রোকেয়া বেগমের এক ছেলে ও তিন মেয়ে আছে।

নিহত শিশুদের বাবা আবুল কালামের অভিযোগ, প্রথম স্ত্রী রোকেয়ার প্ররোচনায় বড় ছেলে সফিউল এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার পর সফিউল আত্মগোপন করেছেন।

সদর দক্ষিণ মডেল থানা-পুলিশ জানায়, সফিউলকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। তবে আজ দুপুর পর্যন্ত তাঁকে ধরা যায়নি।

পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই শিশুর লাশ দাফনের জন্য তাদের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে দুই শিশুর লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে। বিভাগের সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক এই তথ্য জানিয়ে বলেন, জয়কে বালিশ-জাতীয় কিছু দিয়ে এবং মনিকে রশি দিয়ে শ্বাসরোধ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।

জানাজা শেষে জয় ও মনিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।