কুমিল্লায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৬ জন ব্যক্তির স্মরণে গতকাল শুক্রবার বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের ১৩টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিরা। সকাল ১০টা ৪৫ মিনিটে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ওয়ার সেমিট্রি এলাকায় নিহত ব্যক্তিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসের নেতৃত্বে একদল কূটনীতিক। ওই সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিবছর ঢাকার ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে ওই স্মরণ দিবস পালিত হয়ে থাকে। পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, জার্মানি, ভারত, জাপান, সুইডেন, নরওয়ে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। স্মরণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল আজিজ আহমেদ সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪১-১৯৪৫ সালের মধ্যে ময়নামতি এলাকায় ৭৩৬ জন ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৬৭ জন সৈনিক, ১৬৬ জন বৈমানিক ও ৩ জন নাবিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই এলাকায় গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি, বৃহৎ হাসপাতাল ও সমরাস্ত্র কারখানা ছিল। কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়কসংলগ্ন ময়নামতি সেনানিবাস এলাকার অদূরে ওই সমাধিস্থল। ছুটির দিন ছাড়া প্রতিদিন দেশ-বিদেশের শত শত পর্যটক ও ভ্রমণপিপাসু দৃষ্টিনন্দন ওই স্থান পরিদর্শন করে থাকেন এবং নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।