কুমিল্লায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে ১২টি দেশের শ্রদ্ধা নিবেদন
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৬ জন শহীদের স্মরণে গতকাল শুক্রবার বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের ১২টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও প্রতিনিধিরা। গতকাল সকাল ১০টা ৪৫ মিনিটে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ওয়ার সেমিট্রি এলাকায় শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসের নেতৃত্বে একদল কূটনৈতিক। ওই সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রতিবছর ১১ নভেম্বর ঢাকার ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে স্মরণ দিবস পালিত হয়ে থাকে।পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি, ভারত, জাপান, সুইডেন, নরওয়ে, পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। স্মরণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কুমিল্লার ৩৩ পদাধিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল কামরুজ্জামান ফুলেল শুভেচ্ছা জানান।জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৩৯-১৯৪৫ সালের মধ্যে ময়নামতি এলাকায় ৭৩৬ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৪৬৭ জন সৈনিক, ১৬৬ জন বৈমানিক ও তিনজন নাবিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এ এলাকায় গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি, বৃহৎ হাসপাতাল ও সমরাস্ত্র কারখানা ছিল।কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ক-লাগোয়া ময়নামতি সেনানিবাস এলাকার অদূরে সমাধিস্থলটি অবস্থিত। ছুটির দিন ছাড়া প্রতিদিন দেশ-বিদেশের পর্যটক ও ভ্রমণপিপাসুরা দৃষ্টিনন্দন এ স্থান পরিদর্শন করে থাকে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।