কুমিল্লায় নকল ওষুধ ও খাদ্যসামগ্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের টমছমব্রিজ শীষ মামার মাজার এলাকায় নকল ওষুধ ও খাদ্যদ্রব্য প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার র্যাব ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ ও খাদ্যসামগ্রী উদ্ধার করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। আইন প্রয়োগকারী সংস্থা ও জেলা প্রশাসন সূত্র জানায়, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. আবদুল কাদের ও তাঁর ভাই শিপন দেড় বছর আগে টমছমব্রিজ এলাকার একটি বাড়ির চতুর্থতলা ভাড়া নিয়ে সেখানে কারখানাটি গড়ে তোলেন। ইউএস ল্যাবরেটরিজ বাংলাদেশ ও ইউএস ফুড অ্যান্ড বেভারেজ, কুমিল্লা ও ঢাকা নামে এটি পরিচালিত হতো। গতকাল অভিযান চালিয়ে সেখান থেকে ফিলিংস টাইগার, রমণী সরিষার তেল, তুসিকাসহ শতাধিক ধরনের বোতলজাত নকল ওষুধ ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে মাজহারুল (২০), জেসমিন (১৮) ও রেজাউল (১৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারখানার মালিক আবদুল কাদেরের মুঠোফোনে গতকাল যোগাযোগ করা হলে পুতুল নামের একজন তাঁর স্ত্রী পরিচয় দিয়ে বলেন, ‘আমারা ঢাকায় থাকি। তবে আমার স্বামী বর্তমানে কুমিল্লায়।’ এরপর তিনি আর কিছু না বলে সংযোগ কেটে দেন। অপর মালিক শিপনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। অভিযানে অংশ নেওয়া ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘কারখানাটিতে দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠানের লেভেল, ছিপি ও বোতলের আদল নকল করা হতো। পরে তাদের তৈরি ওষুধ ও খাদ্যসামগ্রীর গায়ে সেগুলো লাগিয়ে বাজারজাত করে সাধারণ মানুষকে প্রতারণা করত।’