কুমিল্লায় নজরুল ইনস্টিটিউটের নির্মাণকাজ আজও শেষ হয়নি। অযত্ন-অবহেলায় রয়েছে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলো। কুমিল্লায় রাষ্ট্রীয়ভাবে কবির জন্মদিন পালনের কোনো উদ্যোগও নেই। এ অবস্থার মধ্যেই আজ শুক্রবার কুমিল্লায় শুরু হচ্ছে দ্রোহ, মানবতা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের তিন দিনব্যাপী ১১৩তম জন্মবার্ষিকীর উৎসব। কুমিল্লা জেলা প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। গণপূর্ত বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ২০১০ সালের অক্টোবরে নগরের ধর্মসাগরের উত্তর পাড়ে নজরুল ইনস্টিটিউটের তিনতলাবিশিষ্ট ভবনের নির্মাণকাজ শুরু হয়। এ জন্য ব্যয় ধরা হয় প্রায় সাড়ে সাত কোটি টাকা। চলতি বছরের এপ্রিলে নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ধীরগতির কারণে নির্ধারিত সময়ে নির্মাণ শেষ হয়নি। তাই এবার ওই ইনস্টিটিউটে কবির জন্মবার্ষিকী পালিত হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, তিনতলাবিশিষ্ট মূল ভবনের নির্মাণকাজ শেষ হলেও আশপাশে আরও কিছু কাজ বাকি রয়েছে। ভবনের গায়ে এখনো রং লাগানো হয়নি। নেই আসবাব। ঠিকাদার এনামুল হক বলেন, ‘স্থানটিতে টিনের ছাউনির পুরোনো একটি ভবন ছিল। সেটি সরাতে সময় লেগেছে। আবার নির্মাণসামগ্রীর ব্যয় বেড়েছে। বাকি রয়েছে বিলের টাকা। তার পরও আমরা কাজ করে যাচ্ছি।’কুমিল্লার জেলা প্রশাসক ও নজরুল পরিষদের সভাপতি রেজাউল আহসান জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে এনে ইনস্টিটিউটটি উদ্বোধনের চেষ্টা চলছে। তার আগেই ভবনের নির্মাণকাজ শেষ হবে। কুমিল্লা শহরের ঝাউতলা, ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখার পূর্ব-দক্ষিণ কোণ, নজরুল এভিনিউ, ফরিদা বিদ্যায়তন, দারোগা বাড়ি, ঝানু মিয়ার বাড়ি, শচীন দেববর্মনের বাড়ি, বসন্ত স্মৃতি পাঠাগার ও প্রমীলার বাড়ি এবং মুরাদনগরের দৌলতপুরে বসে সংগীত ও কাব্য চর্চা করেছেন কবি। ১৯৮৩ সালের সেপ্টেম্বরে নজরুল স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে কুমিল্লায় কবির স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থানে স্মৃতিফলক বসানো হয়। পরে সেগুলো আর সংস্কার করা হয়নি। উল্টো নজরুল এভিনিউর স্মৃতিফলককে ডাস্টবিন বানানো হয়েছে।কুমিল্লায় নজরুলের নামে রয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং বেশ কিছু সংগঠন। এসব প্রতিষ্ঠানে নজরুলের নাম জুড়ে দিয়ে কবির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো হয়। কিন্তু এখানে কবিকে নিয়ে জাতীয় কোনো অনুষ্ঠান না হওয়ায় সব মহলেই ক্ষোভ রয়েছে।নজরুল গবেষক বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী হোসেন চৌধুরী বলেন, ‘নজরুলের স্মৃতিচিহ্নগুলো অবহেলিত অবস্থায় রয়েছে। কুমিল্লায় নজরুলের যত কর্ম রয়েছে, বাংলাদেশের অন্য কোথাও তা নেই। ১৯২১ সালের এপ্রিল থেকে ১৯২৪ সালের জানুয়ারি পর্যন্ত পাঁচ দফায় কবি ১১ মাস কুমিল্লায় ছিলেন। কুমিল্লার গবেষকেরা তাঁকে নিয়ে অনেক কাজ করেছেন। কিন্তু কবিকে নিয়ে জাতীয় পর্যায়ের কোনো অনুষ্ঠান কুমিল্লায় হচ্ছে না ২০ বছর ধরে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’ শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, কুমিল্লায় রাষ্ট্রীয়ভাবে নজরুলজয়ন্তী উৎসব হলে তা নতুন প্রজন্মের মধ্যে সাড়া জাগাবে।