কুমিল্লা নগরের প্রধান-অপ্রধান সড়কসহ অলিগলির অনেক সড়কই ইমারত নির্মাণসামগ্রীর দখলে। এতে করে নগরে যানজট বাড়ছে। ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা সিটি করপোরেশনের লাকসাম সড়কের রজনীগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে ভবন নির্মাণের জন্য বালু স্তূপ করে রাখা হয়েছে। চার মাস ধরে ওই ভবনের সামনের সড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ নির্মাণসামগ্রীর দখলে। কখনো কখনো সেখানে ইট ও রড এনে রাখা হচ্ছে। নগরের ঝাউতলা এলাকায় ফুটপাত বন্ধ করে দিয়ে রাখা হয়েছে ইট ও বালু। তার ওপর নালা দখল করায় ওই এলাকার পানি সরছে না। পশ্চিম বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালু এনে রাখা হয়েছে। ধর্মসাগরপাড়ের একাধিক বাসার সামনের সড়কে চলছে ভবন নির্মাণের কাজ। এতে করে নগরবাসীকে ভোগান্তি পোহাতে হচ্ছে।নগরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ মিয়া বলেন, নির্মাণসামগ্রী সড়ক ও ফুটপাতের ওপর রাখায় পানিপ্রবাহের নালাও বন্ধ হয়ে গেছে। নালার পানি উপচে সড়কে পড়ে। এতে করে দুর্ভোগ আরও বাড়ে। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, ‘ফুটপাত ও সড়কের ওপর নির্মাণসামগ্রী না রাখার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। এ ব্যাপারে মাইকযোগেও প্রচার চালানো হয়েছিল। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’ এ প্রসঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হকের মুঠোফোনে গত মঙ্গলবার সন্ধ্যায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।