কুমিল্লায় নির্মাণাধীন ইউলুপে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মাণাধীন ইউলুপের কারণে চার জেলার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

ইউলুপটির কারণে প্রায় আধা কিলোমিটার এলাকা ঘুরে দক্ষিণ কুমিল্লার ছয় উপজেলা এবং নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরগামী যানবাহনকে গন্তব্যে যেতে হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহনের চাপে ওই এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং চার লেন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ৩৪৪ মিটার একটি রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজ শুরু হয়। চলতি বছরের ২ মে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর উদ্বোধন করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পশ্চিম শ্রীভল্লবপুর এলাকা থেকে সাউথ কুমিল্লা ফিলিং স্টেশন পর্যন্ত ওভারপাসটি নির্মাণ করা হয়। কিন্তু পদুয়ার বাজার চৌরাস্তা বাদ দিয়ে ওভারপাসটি নির্মিত হওয়ায় ভোগান্তি শুরু হয়। এর ফলে দক্ষিণ কুমিল্লার ছয় উপজেলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরগামী যানবাহন সরাসরি কুমিল্লা শহরে ঢুকতে পারছে না। তার ওপর চার লেনের মধ্যে সড়ক বিভাজক স্থাপন করা হয়েছে। এতে করে দক্ষিণ এলাকা থেকে কুমিল্লা শহরগামী যানবাহনকে পশ্চিম দিকে আধা কিলোমিটার ঘুরে ওভারপাসের নিচ দিয়ে শহরে ঢুকতে হচ্ছে। অন্যদিকে শহর থেকে দক্ষিণ কুমিল্লাগামী যানবাহনকে আধা কিলোমিটার পূর্ব দিকে উত্তর রামপুর এলাকা হয়ে গন্তব্যে যেতে হচ্ছে। গত ১৫ দিনে উত্তর রামপুর এলাকায় ইউলুপ পার হতে গিয়ে কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। চার লেন মহাসড়ক প্রস্থে ১৮ দশমিক ৬ মিটার। এর মধ্যে এক পাশে ৯ দশমিক ৩ মিটার। এত কম জায়গায় বাস ঘোরানো কঠিন।

গত সোমবার সকাল ১০টার দিকে মহাসড়কের পদুয়ার বাজার অংশে গিয়ে দেখা যায়, উত্তর রামপুর ইউলুপে যানজট রয়েছে। সেখানে ঝুঁকি নিয়ে এক পাশ থেকে অন্য পাশে বাস, ট্রাক, ট্রাক্টর, লরি, কাভার্ডভ্যান ও মালবাহী যানবাহন পার হচ্ছে। এ ছাড়া পদুয়ার বাজার চৌরাস্তায় সড়ক বিভাজক তৈরি করা হচ্ছে।

উত্তর রামপুর এলাকার এম ফিরোজ মিয়া বলেন, ‘ইউলুপের কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাসগুলো মহাসড়কে থেমে যায়। ঘণ্টার পর ঘণ্টা যানবাহন সড়কে দাঁড়ানোর কারণে যানজট তৈরি হয়। বিষয়টি সওজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এ এলাকায় আরও দীর্ঘ ওভারপাস চাই।’

নাম প্রকাশ না করার শর্তে সওজের অন্তত তিনজন প্রকৌশলী বলেন, পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসটি ১ হাজার ৩২ মিটার দীর্ঘ হওয়া দরকার ছিল। সে রকম হলে ঢাকা থেকে চট্টগ্রামগামী যানবাহন ওভারপাসের ওপর দিয়ে চলে যেতে পারত। ওভারপাসের নিচ দিয়ে দক্ষিণ কুমিল্লাসহ তিন জেলার যানবাহন যেত। তখন মানুষও হেঁটে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারত। এখন যে অবস্থা রয়েছে, তাতে দুর্ঘটনাও বেশি হচ্ছে।

কুমিল্লা থেকে চাঁদপুরগামী বোগদাদ পরিবহনের দুজন চালক বলেন, ‘আধা কিলোমিটার পূর্ব দিকে গিয়ে ইউটার্ন নিতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া সেখানে অনেক সময় বসে থাকতে হয়। এটা কোনো সিস্টেমের (ব্যবস্থা) মধ্যে পড়ে না। হয় ওভারপাস বড় করতে হবে, নইলে আগের মতো সরাসরি মহাসড়ক পার হওয়ার সুযোগ করে দিতে হবে।’

কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফউদ্দিন বলেন, ‘এটা চার লেন প্রকল্পের কাজ। বহু লোক এ নিয়ে অভিযোগ
করেছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি।’

ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ব্যবস্থাপক মাসুম সারওয়ার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউলুপে যানবাহন চলাচলের কারণে জনসাধারণকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। রেলওয়ে ওভারপাসের নিচের অংশের কাজ শেষ হলে তখন আর ভোগান্তি পোহাতে হবে না। ওভারপাস দিয়েই সব যানবাহন আসা-যাওয়া করতে পারবে। রেলওয়ে ওভারপাসটি বর্তমানে ৩৪৪ মিটার। এটি দ্বিগুণ বাড়িয়ে ৬৮৮ মিটার করা গেলে ভোগান্তি থাকত না। পথচারীরা পদচারী সেতু ব্যবহার করে মহাসড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে পারত।’