কুমিল্লায় নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই রেলস্টেশন এলাকার দত্তপুর নামের স্থানে গতকাল রোববার দুপুরে একটি যাত্রীবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ১৫ জন যাত্রী আহত হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও নোয়াখালী লাইনে নয় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। উদ্ধারকাজ শেষে রাত ১০টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেললাইনের ফিসপ্লেট ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী গতকাল বেলা সোয়া একটায় লালমাই রেলস্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে ও লাফিয়ে নামার চেষ্টা করে। এতে ১৫ জন আহত হয়। তাদের লালমাই ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক ইব্রাহিম খলিলুল্লাহ, বিভাগীয় প্রকৌশলী-১ আবুল কালাম চৌধুরী, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) মো. মহিউদ্দিন, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) শহিদুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী সুশীল কুমার হাওলাদার ও সহকারী যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) সাদিকুর রহমান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) মো. মহিউদ্দিন বলেছেন, ‘ফিসপ্লেট ভেঙে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।’ তিনি জানান, লাকসাম ও আখাউড়া জংশন থেকে দুটি রিলিফ ট্রেন (উদ্ধাকারী ট্রেন) এনে উদ্ধারকাজ চালানো হয়েছে। উদ্ধারকাজ শেষে রাত ১০টা পাঁচ মিনিটে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী আবুল কালাম চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত তিনটি বগির যাত্রীদের বাকি বগিগুলোতে তুলে মহানগর প্রভাতী গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। সূত্র জানায়, এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম লাইনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, লাকসাম জংশনে উপকূল এক্সপ্রেস এবং কুমিল্লা রেলস্টেশনে আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ও কর্ণফুলী এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছিল। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) ইব্রাহিম খলিলুল্লাহ জানান, দুর্ঘটনার কারণ তদন্তে পূর্বাঞ্চল ুরেলওয়ের ডিএমই মো. মহিউদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়েছে।