কুমিল্লায় নয়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত কোচিং বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলার সব ধরনের বাণিজ্যিক কোচিং সেন্টার সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার জেলা মনিটরিং কমিটির সভাপতি ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে মনিটরিং কমিটির এক সভা হয়। সভায় নগরের ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন। মনিটরিং কমিটির নির্দেশে বলা হয়, বিদ্যালয় ও কলেজ চলাকালীন কোনোভাবেই সংশ্লিষ্ট কোচিং সেন্টারগুলো খোলা রাখা যাবে না। একই সঙ্গে ওই কোচিং সেন্টারগুলোতে যাঁরা পাঠদান করেন, তাঁদের নামের তালিকাও মনিটরিং কমিটিকে দেওয়ার জন্য বলা হয়েছে। তা ছাড়া কোচিং বাণিজ্য ঠেকাতে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্তও নিয়েছে মনিটরিং কমিটি।মনিটরিং কমিটির সভাপতি সঞ্জয় কুমার ভৌমিক বলেন, শিগগিরই কমিটি কোচিং সেন্টারগুলো পরিদর্শনে যাবে। একই সঙ্গে প্রাইভেট পড়ানো শিক্ষকদের বিষয়ে খোঁজখবর নেবে। কমিটির সদস্যসচিব ও কুমিল্লা জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদ সরকার বলেন, গত ২০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা প্রকাশিত হওয়ার পর বেশির ভাগ শিক্ষকই দল বেঁধে প্রাইভেট পড়ানো বন্ধ করে দিয়েছেন। একটি নীতিমালা বদলে দিয়েছে শিক্ষকদের বাসার সামনের জটলা। এখন সবাই ক্লাসমুখী হচ্ছে।