কুমিল্লায় পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ পৌর বাস টার্মিনালে এক বাস-শ্রমিককে মারধরের ঘটনায় গতকাল বুধবার যাত্রীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনার পর থেকে শহরের টমছমব্রিজ থেকে জেলার চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ঢাকার বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকেরা।জানা যায়, শহরের টমছমব্রিজ বাসস্ট্যান্ড থেকে যমুনা পরিবহনের একটি গাড়ি ফেনী যাচ্ছিল। বাসটি দুপুর একটার দিকে সদর দক্ষিণ বাস টার্মিনালে গিয়ে থামলে সেখানে পাঁচজন স্থানীয় বাসিন্দা লাকসাম যেতে বাসে ওঠার চেষ্টা করে। বাসটি লাকসামে যাবে না বলে জানালে ওই পাঁচ যাত্রী বাসের হেলপারের ওপর হামলা চালায়। খবর পেয়ে টমছমব্রিজ বাসস্ট্যান্ড থেকে শ্রমিক ইউনিয়নের নেতারা সেখানে গেলে তাঁরাও ওই যাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার হন। ওই ঘটনার পর শ্রমিকেরা টমছমব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করে এবং বাস চলাচল বন্ধ করে দেয়। কুমিল্লা মোটর-শ্রমিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী মনসুর বলেন, ‘শ্রমিকদের সঙ্গে প্রশাসন ও বাস-মালিকদের বৈঠকের পর ব্যারিকেড তুলে নেওয়া হয়। তবে বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকেরা থানায় মামলা করেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলেই বাস চলবে।’