কুমিল্লায় পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৮ নং বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এক পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত পল্লি চিকিৎসকের নাম হুমায়ুন কবীর (৫৫)। গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার আশকামতা গ্রামের প্রয়াত রজব আলী ভেন্ডারের ২ দশমিক ৫ শতক জমি নিয়ে একই বাড়ির আবদুল মোতালেব, আবু তালেব ও সোহেলের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঘরের চালের পানি পড়াকে কেন্দ্র করে মোতালেব, তালেব ও সোহেল দা দিয়ে কুপিয়ে জখম করে রজব আলী ভেন্ডারের ছেলে পল্লি চিকিৎসক হুমায়ুন কবীরকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, জায়গা নিয়ে বিরোধ ও ঘরের চালের পানি ভিটায় পড়াকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটে। লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।