কুমিল্লায় পাঁচ মেয়র প্রার্থীর বিরুদ্ধে ১৩ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা, বরুড়া, দাউদকান্দি ও হোমনা পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া পাঁচ মেয়র প্রার্থীর বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তাঁদের মধ্যে দুজনসহ আরও চারজনের বিরুদ্ধে অতীতে ১৪টি মামলা ছিল। জেলার ছয় পৌরসভার ২১ মেয়র প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। জেলার ৩০ জন মেয়র প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্রের সঙ্গে এসব হলফনামা জমা দিয়েছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম বলেন, জনগণ সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। মার্কা দেখে ভোট দিলে তাঁরাই প্রতারিত হবেন। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, কিংবা অতীতে ছিল, তাঁদের বিষয়ে চোখ-কান খোলা রেখে ভোট দেওয়া উচিত।
হলফনামায় দেখা গেছে, চান্দিনায় বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর খানের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর আদালতে মারামারির ঘটনায় একটি, ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ও কুমিল্লায় বিস্ফোরক আইনে দুটি, কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনালে বিশেষ ক্ষমতা আইনে একটি ও দ্রুত বিচার আইনে কুমিল্লার দ্রুত বিচার আদালতে একটি মামলা রয়েছে।
বরুড়ায় বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জসিম উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে কুমিল্লার অতিরিক্ত প্রধান বিচারিক হাকিমের আদালতে একটি ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা রয়েছে।
আলমগীর খান ও জসিম উদ্দিন পাটোয়ারী বলেন, রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। জনগণ ব্যালটের মাধ্যমে রায় দিয়ে এর জবাব দেবেন।
দাউদকান্দিতে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী শাহজাহান খন্দকারের বিরুদ্ধে চারটি মামলা আছে। এর মধ্যে কুমিল্লার আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি, মারামারির একটি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে একটি এবং একই অপরাধে মুন্সিগঞ্জের আদালতে একটি মামলা আছে।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল সোমবার একাধিকবার ফোন করা হলেও শাহজাহান খন্দকার ফোন ধরেননি।
চান্দিনার সাবেক মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে একটি মামলা রয়েছে। হোমনায় বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকারের বিরুদ্ধে মারামারির ঘটনায় কুমিল্লার বিচারিক হাকিম আদালতে একটি মামলা রয়েছে।
আবদুল মান্নান সরকার ও আলমগীর সরকার বলেন, রাজনৈতিক প্রতিহিংসাবশত তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
হলফনামায় আরও দেখা গেছে, চান্দিনায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মফিজুল ইসলামের বিরুদ্ধে অতীতে তিনটি মামলা ছিল। হোমনায় আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামের বিরুদ্ধে তিনটি মামলা ছিল। চৌদ্দগ্রামে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমানের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মারামারির ঘটনায় দুটি মামলা ছিল। দাউদকান্দির বর্তমান মেয়র আবদুছ ছাত্তারের বিরুদ্ধে তিনটি মামলা ছিল। বরুড়ার বর্তমান মেয়র ও বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে অতীতে একটি মামলা ছিল। চান্দিনার আবদুল মান্নান সরকারের বিরুদ্ধে দুটি মামলা ছিল।
উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, জনগণ পরিচ্ছন্ন প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থীদের রায় দেবেন। অসত্য মামলা দিয়ে বিএনপির প্রার্থীদের হয়রানি করা হয়েছে। ব্যালটে এর জবাব মিলবে।
উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস বলেন, জনগণ বিতর্কিত প্রার্থীদের ভোট দেবেন না। যাঁদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে, তাঁদের ভোট দেওয়ার ক্ষেত্রে নিশ্চয়ই ভোটাররা ভাববেন।
ছয় পৌরসভায় ২১ মেয়র পদপ্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁরা হলেন বরুড়ায় আওয়ামী লীগের মো. বাহাদুরুজ্জামান, জাতীয় পার্টির এম এ ওয়াদুদ মিয়াজী, বাংলাদেশ তরীকত ফেডারেশনের আবুল কালাম আজাদ, ইসলামী ফ্রন্টের কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আরিফ হোসেন ভূঁইয়া, জাসদ (ইনু) অজিত কুমার দত্ত, চৌদ্দগ্রামে স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী, লাকসামে আওয়ামী লীগের আবুল খায়ের, বিএনপির শাহনাজ আক্তার, ইসলামী আন্দোলনের নূর মোহাম্মদ, চান্দিনায় স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, হোমনায় বিএনপির আবদুল লতিফ, জাতীয় পার্টির ইসমাইল হোসেন সিরাজী, ইসলামী আন্দোলনের আবদুল হাকিম, স্বতন্ত্র প্রার্থী আলমগীর সরকার, দাউদকান্দিতে আওয়ামী লীগের নাঈম ইউসুফ, বিএনপির কে এম আই খলিল, জাতীয় পার্টির অহিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের জালাল উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন সরকার।