কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দুই কোটি ৯০ লাখ টাকার চারটি কাজ ভাগাভাগি করে নিয়েছেন স্থানীয় দুই সাংসদ-সমর্থিত নেতা-কর্মীরা। এতে ওই দরপত্রের কাজের বিপরীতে ২৭৫টি শিডিউল বিক্রি হলেও গতকাল বৃহস্পতিবার মাত্র ১৭টি দরপত্র জমা পড়েছে। কুমিল্লা শহরের শাকতলা পাউবো কার্যালয় সূত্র জানায়, কার্যালয়ের অধীনে গোমতী নদীর ব্লকের দুটি কাজের দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল দুপুর ১২টা পর্যন্ত। এর মধ্যে এক কোটি ৭০ লাখ টাকার ব্লকের কাজের বিপরীতে ৬০টি শিডিউল বিক্রি হয়েছিল। এ ক্ষেত্রে মাত্র তিনটি দরপত্র জমা পড়ে। এ তিনটি দরপত্রের মধ্যে একটি জমা দিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন। অন্যদিকে একই বিভাগের অধীনে ৮০ লাখ টাকার আরেকটি কাজের বিপরীতে ৭০টি শিডিউল বিক্রি হয়। এতেও জমা পড়ে মাত্র তিনটি দরপত্র। ছাত্রলীগের নেতা আহসান দরপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কম দরপত্র জমার কারণ জানতে চাইলে গোমতী পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘কেন কম জমা পড়েছে জানি না। তবে শিডিউল বিক্রি করে আমরা রাজস্ব পেয়েছি।’এদিকে পাউবোর প্রতিষ্ঠান গোমতী পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ (পউর) ঝাউতলা কার্যালয়ের অধীনে ২৬ লাখ টাকার মাটির কাজের বিপরীতে ৭২টি শিডিউল বিক্রি হয়। গতকাল জমা দেওয়ার শেষ দিনে জমা পড়ে মাত্র পাঁচটি। এর মধ্যে একটি দরপত্র জমা দিয়েছেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লা জেলা শাখার সভাপতি তারিকুর রহমান। অন্যদিকে ১৪ লাখ টাকার আরেকটি মাটির কাজের বিপরীতে ৭৩টি শিডিউল বিক্রি হয়। এতে জমা পড়ে ছয়টি। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী ফারুক ভূঁইয়া বলেন, ‘কেউ দরপত্র জমা না দিলে আমাদের করার কিছু নেই। অনেকে শখ করে দরপত্র কেনে পরে আর জমা দেয় না। ভাগাভাগি হয়েছে কি না জানি না।’এদিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, প্রায় তিন কোটি টাকার ওই কাজগুলো কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাংসদ মো. মুজিবুল হকের অনুসারী আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি হয়েছে। বুধবার রাত আটটার দিকে কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকার একটি পরিবহন কার্যালয়ের দপ্তরে সভা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় দুই সাংসদের অনুসারীরা সেখানে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে সাংসদ মো. মুজিবুল হকের অনুসারী হিসেবে পরিচিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি কবিরুল ইসলাম শিকদার প্রথম আলোকে বলেন, ‘সবাই মিলে কাজগুলো সমঝোতা হয়ে ভাগাভাগি করে নেন। কাজ ভাগাভাগির ক্ষেত্রে আমরা এক কাতারে দাঁড়িয়েছি। ঝামেলা এড়ানোর জন্যই ওই উদ্যোগ নেওয়া হয়েছে।’অন্যদিকে সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) ও ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম বলেন, ‘কাজগুলো দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছে। বুধবার রাতে সভা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জটিলতা এড়াতে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শে ওই কাজ করা হয়েছে।’এ ব্যাপারে সাংসদ মো. মুজিবুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি রাষ্ট্রীয় সফরে সুইজারল্যান্ড রয়েছেন। আজ শুক্রবার তাঁর দেশে ফেরার কথা। অন্যদিকে সাংসদ আ ক ম বাহাউদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাঁর ঘনিষ্ঠজনেরা বলেছেন, তিনি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকায় আছেন।