কুমিল্লায় পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ
প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন উপেক্ষা করে কুমিল্লা নগরের বাদুরতলা এলাকার প্রায় ৩০০ বছরের পুরোনো একটি পুকুর ভরাট করার অিভযোগ পাওয়া গেছে।
এলাকাবাসীর অভিযোগ, পুকুরের মালিকেরাই ভরাট করাচ্ছেন। তবে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য চিঠি দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠি পুকুরের একাংশের মালিক গোলাম মোস্তফাকে ১২ নভেম্বর দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‘নগরের কান্দিরপাড় মৌজার আরএস ৬৬৯ নম্বর দাগের পুকুর সিটি করপোরেশনের বিনা অনুমতিতে ভরাট করা হচ্ছে, যা বেআইনি ও অবৈধ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২২ মে ২০০০ তারিখের আদেশ অনুযায়ী কোনো অবস্থাতে পুকুর ভরাট করা যাবে না। এ অবস্থায় ভরাটকৃত পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ অমান্য করা হলে আপনার (গোলাম মোস্তফা) বিরুদ্ধে সরকারের নির্দেশ মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানতে চাইলে পুকুরের একাংশের মালিক বাদুরতলা চায়না গার্ডেন ভবনের স্বত্বাধিকারী মো. গোলাম মোস্তফা বলেন, ‘ওই পুকুরের পাড় ভরাট করেছি। পুকুর ভরাট করিনি। পুকুরের পানি তোলা হয়েছে, পুকুর পরিষ্কার করার জন্য। পুকুর ভরাট বেআইনি, এটা আমি জানি। সিটি করপোরেশনের চিঠি পেয়েছি।’
নির্বাহী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম বলেন, পুকুরের দক্ষিণাংশ ভরাট করা হচ্ছে রাতের অন্ধকারে। এরপর পানি তুলে পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় কাউন্সিলর গিয়ে বাধা দিয়েছেন। করপোরেশন কর্তৃপক্ষের নির্দেশে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি আইনগতভাবে দেখা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫৬ শতক জমি নিয়ে পুকুর। ওই পুকুরের মূল মালিক নগরের সাতজন। তাঁরা হলেন অতীন্দ্র ভদ্র, আনোয়ার হোসেন, দিলীপ কুমার পাল, জি এম সিকান্দর, প্রয়াত আবুল কাশেম, আলী আহমেদ ও ইসমাইল হোসেন। বর্তমানে ওই সাত ব্যক্তির পরিবারের সদস্যরা ওই পুকুরের মালিক। গত ২৭ অক্টোবর থেকে রাতের বেলায় পুকুরের দক্ষিণ পাড়ে মাটি ফেলে পুকুর ভরাট করছেন বাদুরতলা এলাকার গোলাম মোস্তফা। তিনি ট্রাক্টরে করে মাটি এনে পুকুর ভরাট করেন। এরপর ৯ নভেম্বর পুকুরের পানি তোলার জন্য অগভীর নলকূপ বসানো হয়। ১১ নভেম্বর দুপুর পর্যন্ত পুকুর থেকে পানি সড়কের মধ্যে ফেলে দিয়ে নগরের নালার মধ্যে ঢুকানো হয়।
পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক মো. ছামসুল আলম বলেন, আইনত কারও পুকুর ভরাট করার অধিকার নেই। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। খোঁজ নিয়ে এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।