কুমিল্লায় পুলিশ গ্রামবাসী সংঘর্ষ আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কালির বাজার গ্রামে গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ ৫২টি ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ ৫০ ব্যক্তির নাম উল্লেখ করে এক হাজারেরও বেশি অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ থানার এসআই সোহেল মাহমুদের নেতৃত্বে সাদা পোশাকের তিনজন পুলিশ মাইক্রোবাসে করে কালির বাজার গ্রামে যান। তাঁরা মাদক বিক্রেতা ও মাদকসেবী সন্দেহে কালির বাজার গ্রাম থেকে দুলাল (২৫), তাঁর ছোট ভাই সপ্তম শ্রেণীর ছাত্র রাব্বী (১২), খোকন (৩০) ও নুরুল ইসলামকে (২৫) মাইক্রোবাসে তুলে নেন। এ সময় রাব্বী চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ‘ছেলেধরা’ মনে করে মাইক্রোবাসের সামনে ব্যারিকেড দেয়। তারা এসআই সোহেল মাহমুদ, কনস্টেবল শ্যামল ও জামাল এবং আনসারসদস্য আনোয়ার হোসেনকে মারধর করে। খবর পেয়ে পুলিশের আরও ছয় সদস্য তাঁদের উদ্ধার করতে ঘটনাস্থলে যান। গ্রামবাসী তাঁদেরও আটক করে। পরে কুমিল্লা থেকে দাঙ্গা পুলিশের একটি দল আটক পুলিশ সদস্যদের উদ্ধার করতে যায়। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এতে তিন পুলিশ ও এক আনসারসহ কমপক্ষে ১৫ জন আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গ্রামবাসীকে লাঠিপেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। ক্ষুব্ধ জনতা পুলিশের মাইক্রোবাস ভাঙচুর করে পুকুরে ফেলে দেয়।গতকাল অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার শেখ মহিউদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গলিয়ারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, ‘সবাইকে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বলেন, ফেনসিডিল সেবনকারীদের ধরতে গিয়ে ওই অবস্থা হয়েছে। তিনি জানান, পুলিশ ৫২টি ফাঁকা গুলি ছুড়েছে। তিনি আরও জানান, আনসারসদস্য আনোয়ারকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫০ ব্যক্তির নাম উল্লেখ করে গ্রামবাসীর এক হাজারেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।