কুমিল্লায় পূবালী ব্যাংক ভবন এক সপ্তাহের মধ্যে ভাঙার নির্দেশ

কুমিল্লা নগরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে অবস্থিত দোতলা পূবালী ব্যাংক ভবন এক সপ্তাহের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন। অন্যথায় নির্বাহী হাকিমের উপস্থিতিতে করপোরেশন নিজেই ভবনটি ভেঙে ফেলার ব্যবস্থা নেবে। গত সোমবার সন্ধ্যায় এ নির্দেশ দেওয়া হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শতবর্ষী এই ভবনের দক্ষিণ-পূর্ব দিকের কিছু অংশ ধসে পড়ে। এতে মামুন হোসেন (২৮) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী আহত হন। এরই পরিপ্রেক্ষিতে করপোরেশন ভবনটি ভেঙে ফেলার নির্দেশসংবলিত চিঠি দিয়েছে বলে নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ জানিয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১১০টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। ২০১৩ সালে এসব ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার জন্য মালিকদের চিঠি দেয় করপোরেশন। কিন্তু মালিকেরা ভবনগুলো ভাঙেননি।
নগর ভবন সূত্র জানায়, ১৯১৪ সালে নগরের কান্দিরপাড় এলাকায় কারুকাজময় নান্দনিক দোতলা ভবনটি নির্মিত হয়। তখন এ ভবনে দি কুমিল্লা ব্যাংকিং করপোরেশন লিমিটেডের কাজ শুরু হয়। ব্রিটিশ আমলে কুমিল্লায় এখান থেকেই ব্যাংকিং কার্যক্রম চালু হয়। ১৯৬৩ সালে পূবালী ব্যাংক এ ভবনে কার্যক্রম শুরু করে। একপর্যায়ে তারা এ ভবনের মালিকানা নিয়ে নেয়। দোতলায় ব্যাংকের প্রধান কার্যালয় এবং নিচতলায় ২২টি দোকান রয়েছে। ২০১৩ সালে এই পূবালী ব্যাংক ভবনসহ নগরের ১১০টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়। ওই সময়ে ভবনটি ভেঙে ফেলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়। কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। বর্তমানে পূবালী ব্যাংকের কার্যক্রম পাশের একটি ভবনে চলছে। কিন্তু নিচতলায় চশমা, ওষুধ, কাপড় ও দরজির দোকানগুলো রয়ে গেছে।
সোমবার ভবনটির কিছু অংশ ধসে পড়ার পর মেয়র মো. মনিরুল হক ঘটনাস্থলে ছুটে যান। তিনি নগর ভবনের কয়েকজন শ্রমিক নিয়ে ভবনের কিছু অংশ ভাঙার ব্যবস্থা করেন। পরে পূবালী ব্যাংকের ব্যবস্থাপককে চিঠি দিয়ে এক সপ্তাহের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে মেয়র সাংবাদিকদের বলেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার জন্য অনেক আগেই চিঠি দিয়েছে সিটি করপোরেশন। পূবালী ব্যাংক ভবন ভাঙার জন্যও চিঠি দেওয়া হয়েছে। তিনি আশা করছেন, নগরবাসী সচেতন হয়েই ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলবেন।