কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
কুমিল্লার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া ও চান্দিনার ভাগুর বাসস্ট্যান্ড এলাকায় দুটি সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ওই দুর্ঘটনা ঘটে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ জানান, গতকাল ভোর ছয়টা ৪০ মিনিটে কুমিল্লার শাসনগাছা থেকে ঢাকাগামী একটি বাস জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের রায়চৌ গ্রামের জয়নাল আলীর ছেলে অটোরিকশার চালক জহির মিয়া (২৮), অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষ মারা যান। অন্যদিকে চান্দিনা থানার ওসি গোলাম মোর্শেদ জানান, শুক্রবার সকাল নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ভাগুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় ইদ্রিস মিয়া (৫৩) নামের এক মাছ ব্যবসায়ী মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামের নাছিরাবাদ এলাকায়। দুর্ঘটনার পর উভয় পরিবহনের চালক পালিয়ে যান।