কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
কুমিল্লা জেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির সঙ্গে মুরগিবাহী পিকআপভ্যানের ধাক্কায় চারজন এবং ময়নামতি সেনানিবাস এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। মহাসড়ক পুলিশের ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেনী থেকে হবিগঞ্জগামী মুরগিবাহী পিকআপভ্যান মহাসড়কে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আয়নাল মিয়া (২৩) ও তাঁর ছোট ভাই মনসুর মিয়া (১৮), পিকআপচালক মৌলভীবাজারের সদর উপজেলার লামিয়া গ্রামের সুমন দাস (৩২) ও চালকের সহকারী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের ইকবাল হোসেন (১৪)। খবর পেয়ে মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নামতি থানায় নিয়ে আসে।
এদিকে সকাল সাড়ে নয়টায় কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ময়নামতি কাঁচাবাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের সঙ্গে ধাক্কায় মারা যান মো. আজগর (১৮)। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার ধাতমারা গ্রামে। নিহত আজগর ময়নামতি রাজমণি হোটেলের কর্মচারী ছিলেন।