কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণ, আদর্শ সদর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিভিন্ন সময়ে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চান্দিনা বাসস্ট্যান্ডে হোমনা থেকে কুমিল্লাগামী হোমনা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়ানো কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর একজন প্রাণ হারান। ওই দুর্ঘটনায় আহত হন আরও ১২ জন। তাঁদের মধ্যে রুহুল আমিন ও জুম্মান মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইলিয়টগঞ্জ মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন নিহত দুজনের লাশ নিয়ে গেছেন। পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দীঘিরপাড় এলাকায় বালুবোঝাই ট্রাক্টর ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসের যাত্রী বুড়িচং উপজেলার ঢাকলাপাড়া গ্রামের আবু মুসার ছেলে শরিফ উদ্দিন মারা যান। অপর দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ছাড়া বেলা সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুই আরোহীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।