কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও কলেজছাত্র নিহত
কুমিল্লা শহরতলি ও চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল বৃহস্পতিবার পৃথক বাস ও ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন: চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম (৫০) ও কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী শহীদুল হক (১৭)।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শিক্ষক আবদুল হাকিম গতকাল মোটরসাইকেল চালিয়ে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১৪-৫৯৭৬) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত কলেজছাত্র শহীদুলের চাচা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে চারটার দিকে একটি মোটরসাইকেল নিয়ে কুমিল্লা শহর থেকে আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাড়িতে যাচ্ছিল শহীদুল। দৌলতপুর রেলক্রসিং এলাকা পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদুলের মৃত্যু হয়। কলেজছাত্র শহীদুল আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ফজলুল হকের ছেলে। রাত নয়টার দিকে পারিবারিক কবরস্থানে শহীদুলকে দাফন করা হয়।