কুমিল্লায় শতাধিক পেট্রলপাম্প ও সিএনজি ফিলিং স্টেশনে গতকাল বুধবার পাঁচ ঘণ্টা ধর্মঘট পালিত হয়েছে। সকাল-সন্ধ্যা ডাকা ওই ধর্মঘট বেলা ১১টায় প্রত্যাহার করে নেওয়া হয়। পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ অক্টোবর রাত সাড়ে নয়টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলীতে রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশনে বিনা টাকায় তেল না দেওয়ায় পাম্পে হামলা ও ভাঙচুর করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪-১৫ জনের নামে ১২ অক্টোবর রাতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেন ফিলিং স্টেশনের মালিক আলী মনসুর ফারুক। গতকাল আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লার পাঁচটি সংগঠন ধর্মঘট আহ্বান করে। ধর্মঘট চলাকালে জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান মহাসড়কে সব ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের প্রতিশ্রুতি ও আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।