কুমিল্লায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে একজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহরের কালিয়াজুরিসংলগ্ন বদরপুর এলাকায় গতকাল শুক্রবার জাবেদ মিয়া (২০) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পুলিশ বিকেলে মামলার প্রধান আসামি মাইনউদ্দিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গ্রেপ্তার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, গতকাল বেলা ১১টার দিকে বদরপুর এলাকায় জাবেদ মিয়া, মাইনউদ্দিন, আলআমিন, রতন, আবদুল হান্নান ও আশিকসহ কয়েকজন মিলে কাঠের গুঁড়ির ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময়ে রাজনৈতিক আলাপ নিয়ে তাঁদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদের পেটে ছুরিকাঘাত করেন মাইনউদ্দিন। অন্য চারজন মাইন উদ্দিনকে সহযোগিতা করেন। একপর্যায়ে জাবেদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। তখন পায়ে আঘাত পান মাইনউদ্দিন। এরপর জাবেদকে ফেলে তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থলে জাবেদের মৃত্যু হয়। পরে এলাকাবাসী ও পুলিশ এসে জাবেদের লাশ উদ্ধার করে।অন্য একটি সূত্র জানায়, গোমতী নদীর মাটি বহনকারী ট্রাক্টর থেকে চাঁদা আদায় নিয়ে ওই হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ এ বিষয়টিও খতিয়ে দেখছে বলে জানিয়েছেন ওসি মহিউদ্দিন।